​হবিগঞ্জে পাস কার্ড বঞ্চিত ২০০ সাংবাদিক: রিটার্নিং কর্মকর্তার ভূমিকা নিয়ে ক্ষোভ
Led Bottom Ad

​হবিগঞ্জে পাস কার্ড বঞ্চিত ২০০ সাংবাদিক: রিটার্নিং কর্মকর্তার ভূমিকা নিয়ে ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

১১/০২/২০২৬ ১০:৪০:৪৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

​হবিগঞ্জ জেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য আবেদন করেও প্রায় ২০০ সাংবাদিক নির্বাচনী কার্ড (পাস) থেকে বঞ্চিত হয়েছেন। এ ঘটনায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনের ভূমিকা নিয়ে সাংবাদিক মহলে তীব্র প্রশ্ন ও অসন্তোষ দেখা দিয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার ৯টি উপজেলা ও সদর মিলিয়ে ৫ শতাধিক সংবাদকর্মী অনুমতির জন্য আবেদন করেন। এর মধ্যে মাত্র ২৬৯ জনকে কার্ড দেওয়া হয়েছে এবং ২৩১ জনের আবেদন বাতিল করা হয়েছে। বাদ পড়া সাংবাদিকদের অভিযোগ, প্রায় ২০০ জনকে কোনো বিধিসম্মত কারণ ছাড়াই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

​বঞ্চিতদের তালিকায় রয়েছে সমকাল, জনকণ্ঠ, দেশ রূপান্তর, কালবেলা ও এশিয়ান টিভির মতো শীর্ষস্থানীয় জাতীয় ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা। অথচ অনেক ক্ষেত্রে ভুঁইফোড় ও অনলাইনভিত্তিক ফেসবুক পেজের প্রতিনিধিদের কার্ড দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

দৈনিক দেশ রূপান্তর-এর মাধবপুর প্রতিনিধি জালাল উদ্দিন লস্কর বলেন, “সম্পূর্ণ অন্যায়ভাবে আমাদের কার্ড বাতিল করা হয়েছে। এখানে স্পষ্ট বৈষম্য করা হচ্ছে।” অন্যদিকে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এর প্রতিনিধি ফোরকান উদ্দিন রোমান একে ‘প্রশাসনের নতুন ধরনের ফ্যাসিবাদী চর্চা’ বলে আখ্যা দিয়েছেন। সাংবাদিকদের একাংশের দাবি, রাজনৈতিক উদ্দেশ্য হাসিল এবং একটি বিশেষ পক্ষকে সুবিধা দিতেই পরিকল্পিতভাবে পেশাদার সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত করা হচ্ছে।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মঈনুল হক কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, “আবেদন অসম্পূর্ণ থাকায় কিছু আবেদন বাতিল করা হয়েছে। কারও অভিযোগ থাকলে লিখিতভাবে জানাতে পারেন।”

উল্লেখ্য, এই রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে এর আগেও বিধি-বহির্ভূতভাবে সংসদ সদস্য প্রার্থীদের মনোনয়নপত্র বাতিলের অভিযোগ উঠেছিল। পরবর্তীতে এবি পার্টি, মুসলিম লীগ ও স্বতন্ত্র প্রার্থীদের আপিলের প্রেক্ষিতে নির্বাচন কমিশন তাদের প্রার্থিতা বৈধ ঘোষণা করে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad