কোটি টাকার যন্ত্রপাতি অকেজো
হবিগঞ্জে ২৭ বছর ধরে বন্ধ স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ৩ লাখ ৭৫ হাজার মানুষের একমাত্র ভরসা ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার (ওটি) দীর্ঘ ২৭ বছর ধরে অচল হয়ে পড়ে আছে। প্রয়োজনীয় জনবল ও সার্জন না থাকায় কোটি টাকার অস্ত্রোপচারের যন্ত্রপাতি অকেজো হয়ে পড়ছে। ফলে জরুরি চিকিৎসার জন্য ১৮ কিলোমিটার পথ পাড়ি দিয়ে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ছুটে যেতে হচ্ছে দরিদ্র রোগীদের।
হাসপাতাল সূত্রে জানা যায়, সর্বশেষ ১৯৯৯ সালে এই কমপ্লেক্সে অপারেশন হয়েছিল। তৎকালীন জেনারেল সার্জন ডা. খায়রুল আলম বদলি হয়ে চলে যাওয়ার পর থেকে ওটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে কোটি টাকার অত্যাধুনিক যন্ত্রপাতি আসলেও তা ব্যবহারের মতো সার্জন, এনেস্থেশিয়া বিশেষজ্ঞ ও অভিজ্ঞ নার্স কখনোই নিযুক্ত করা হয়নি।
স্বাস্থ্য কমপ্লেক্সের অব্যবস্থাপনায় ক্ষুব্ধ স্থানীয়রা। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবাসী জানান, জরুরি বিভাগে তার স্ত্রীকে নিয়ে গেলে উপ-সহকারী মেডিকেল অফিসার জেলা সদরে যাওয়ার পরামর্শ দেন। হাসপাতালে সবকিছু থাকলেও সাধারণ রোগের জন্য প্রাইভেট ক্লিনিকে পাঠাতে বাধ্য করা হয় রোগীদের।
আরেক ভুক্তভোগী কৃষক জানান, জমিতে কাজ করার সময় শামুকে হাত কেটে গেলে তিনি হাসপাতালে গিয়ে দেখেন, একজন পিয়ন রোগী সেলাই করছেন। এই দৃশ্য দেখে ভয়ে তিনি হাসপাতালের সামনের ফার্মেসিতে চিকিৎসা নিতে বাধ্য হন।
দীর্ঘদিন ধরে একই সমস্যা চলমান থাকলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। মাত্র দুই বছর আগে একজন এনেস্থেশিয়া চিকিৎসক যোগদান করলেও তিন দিন পরেই চলে যান।
অভিযোগ রয়েছে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা আক্তার ৬-৭ বছর ধরে এখানে কর্মরত থেকে প্রশাসনিক দায়িত্ব পালনের চেয়ে স্থানীয় প্রভাবশালীদের চিকিৎসা দিয়ে প্রাইভেট বাণিজ্যে বেশি ব্যস্ত থাকেন।
ডা. শামীমা আক্তার বলেন, “প্রয়োজনীয় লোকবল না থাকায় জরুরি অস্ত্রোপচার করা সম্ভব হচ্ছে না। তবে টুকটাক সমস্যা হলে আমরা চেষ্টা করি।”
এ রহমান
মন্তব্য করুন: