হবিগঞ্জে শিশুদের ফুটবল খেলা নিয়ে বিরোধ : সংঘর্ষে নারীসহ আহত ২৫
হবিগঞ্জ সদরের যশের আব্দা গ্রামে শিশুদের ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত এক ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে ফুটবল খেলাকে কেন্দ্র করে যশের আব্দা গ্রামের আহমদ আলীর ছেলে জয়ের সঙ্গে একই গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে বাকপ্রতিবন্ধী স্বপন মিয়ার হাতাহাতি হয়। এর একপর্যায়ে জয় ও তার সহযোগীরা স্বপন মিয়াকে মারধর করলে গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
শনিবারের ঘটনার জের ধরে রোববার দুপুরে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দফায় দফায় চলা এই সংঘর্ষে নারীসহ অন্তত ২৫ জন আহত হন। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের মধ্যে আজেদা (৪৫), আমিনা (৫০), আলতাই (৫০), আলফু মিয়া (৪৫), ইয়াছিন (৩০), আহাদ (৫৫), হৃদয় (১৯), সাদত (৩০), কাছুম আলী (৬৫), রুচেনা (৫০), ইছাক (৪৫) ও সুজন (৩৬) কে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত ইউনুছ মিয়া (৫৫) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: