হবিগঞ্জে ভোটের বিগত চিত্র বদলে দিল চা-শ্রমিকেরা
Led Bottom Ad

নৌকা–ঘাঁটিতে ধানের শীষের বাজিমাত

হবিগঞ্জে ভোটের বিগত চিত্র বদলে দিল চা-শ্রমিকেরা

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

১৬/০২/২০২৬ ১৬:২৩:২৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জ–৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনের ২৮টি চা বাগানে এবার ভোটের সমীকরণ বদলে গেছে। একসময় নৌকা–সমর্থক হিসেবে পরিচিত এই বাগানগুলোতে সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে উল্লেখযোগ্য ভোট পড়েছে। স্থানীয়ভাবে এটিকে ‘ভোটের পালাবদল’ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।


বিগত কয়েকটি নির্বাচনে চা বাগানগুলোতে ধানের শীষের ভোটের হার তুলনামূলক কম ছিল। তবে এবার নির্বাচনী প্রচারণায় উন্নয়ন, নিরাপত্তা ও জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি সামনে এনে বিএনপি প্রার্থী সৈয়দ মো. ফয়সলের পক্ষে ব্যাপক গণসংযোগ চালানো হয়। তাঁর ছেলে সৈয়দ মো. শাফকাত আহমেদ ও সৈয়দ ইশতিয়াক আহমেদ মাধবপুর ও চুনারুঘাট উপজেলার বাগানগুলোতে ঘরে ঘরে গিয়ে মতবিনিময় করেন। এতে শ্রমিকদের মধ্যে আস্থার পরিবেশ তৈরি হয়েছে বলে দাবি দলীয় নেতাদের।


চা শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা মজুরি, রেশন ও মৌলিক সুযোগ–সুবিধা নিয়ে বঞ্চনার মধ্যে রয়েছেন। বিকল্প কর্মসংস্থান ও প্রশিক্ষণের সুযোগের আশ্বাস তাদের ভোটের সিদ্ধান্তে প্রভাব ফেলেছে বলে জানিয়েছেন অনেকে।


তেলিয়াপাড়া চা বাগানের শ্রমিক বিমলা সাঁওতাল বলেন, আগেও ভোট দিয়েছেন, তবে এবার প্রার্থীপক্ষ সরাসরি তাদের কাছে এসে কথা শুনেছে। তাই তারা আস্থা রেখে ভোট দিয়েছেন। তাঁর ভাষ্য, নারী ভোটারদের অংশগ্রহণও ছিল উল্লেখযোগ্য।


মাধবপুরের শিল্পপ্রতিষ্ঠানগুলোতে কাজ করে কিছু শ্রমিকের আর্থিক অবস্থার পরিবর্তনের উদাহরণও তুলে ধরা হচ্ছে। শ্রমিকদের আশা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ বাড়লে তারাও স্বাবলম্বী হতে পারবেন।


ভোটের দিন সকাল থেকেই ২৮টি বাগানে উৎসবমুখর পরিবেশ দেখা যায়। নারী–পুরুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দেন। স্থানীয় পর্যবেক্ষকদের মতে, নৌকা–সমর্থক হিসেবে পরিচিত এলাকায় ধানের শীষের এ সাফল্য নির্বাচনী রাজনীতিতে নতুন বার্তা দিয়েছে।


ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad