মন্ত্রিসভায় নেই রেজা কিবরিয়া: নবীগঞ্জ-বাহুবলে ভোটারদের মাঝে চরম হতাশা
হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিপুল ভোটে জয়ী হয়েও বিএনপির নবগঠিত মন্ত্রিসভায় ড. রেজা কিবরিয়ার স্থান না হওয়ায় সাধারণ ভোটার ও দলীয় সমর্থকদের মাঝে ব্যাপক হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই অর্থনীতিবিদকে মন্ত্রিসভায় রাখা হবে—এমন প্রত্যাশা থেকে ভোটাররা যে ‘ব্যালট বিপ্লব’ ঘটিয়েছিলেন, তার প্রতিফলন না ঘটায় সামাজিক যোগাযোগ মাধ্যমেও বইছে সমালোচনার ঝড়।
নির্বাচনের আগ মুহূর্তে বিএনপিতে যোগ দিয়ে ড. রেজা কিবরিয়া মনোনয়ন পাওয়ায় এক ধরনের রাজনৈতিক চমক তৈরি হয়েছিল। নির্বাচনী প্রচারণায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতারাও ইঙ্গিত দিয়েছিলেন যে, বিএনপি সরকার গঠন করলে তিনি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন। এই আশায় সাধারণ মানুষ তাঁকে বিশাল ব্যবধানে জয়ী করেন। কিন্তু মঙ্গলবার শপথ নেওয়া মন্ত্রিসভার ৪৯ জন সদস্যের তালিকায় তাঁর নাম না থাকায় সেই উচ্ছ্বাস এখন হতাশায় রূপ নিয়েছে।
গজনাইপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সফিউল আলম বজলু বলেন, "আমরা অর্থমন্ত্রী পাওয়ার প্রত্যাশায় সম্মিলিতভাবে ড. রেজা কিবরিয়াকে নির্বাচিত করেছিলাম। রাজনৈতিক জটিলতায় যখন যোগ্যতা আটকে যায়, তখন শুধু একজন ব্যক্তি নন, পুরো জনপদই তাদের স্বপ্নের নেতৃত্ব হারায়। এটি মেধার অবমূল্যায়ন।"
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিদুর রহমান বলেন, "আমাদের দৃঢ় বিশ্বাস ছিল ড. রেজা কিবরিয়াকে মন্ত্রিসভায় স্থান দেওয়া হবে। সেই প্রত্যাশা পূরণ না হলেও আমরা আশাবাদী যে মাননীয় প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান বিষয়টি পরবর্তীতে পুনর্বিবেচনা করবেন।"
সিনিয়র যুগ্ম সম্পাদক অলিউর রহমান জানান, একজন আন্তর্জাতিক মানের অর্থনীতিবিদ হয়েও মন্ত্রিসভায় তাঁর অনুপস্থিতি সাধারণ মানুষের মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। হবিগঞ্জ জেলার কোনো নেতাই এবারের মন্ত্রিসভায় ঠাঁই না পাওয়াকে এই অঞ্চলের মানুষ বঞ্চনা হিসেবে দেখছেন।
নবীগঞ্জ-বাহুবলের রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটাররা কেবল একজন এমপি নয়, বরং একজন নীতি-নির্ধারক পাওয়ার আশায় ভোট দিয়েছিলেন। এখন ড. রেজা কিবরিয়াকে ছাড়াই নতুন সরকারের যাত্রা শুরু হওয়ায় স্থানীয় রাজনীতিতে এক ধরনের অস্বস্তি বিরাজ করছে।
এ রহমান
মন্তব্য করুন: