হবিগঞ্জে অনুমতি ছাড়াই এলজিইডি’র রাস্তা কেটে ড্রেন নির্মাণ
Led Bottom Ad

জনমনে ক্ষোভ

হবিগঞ্জে অনুমতি ছাড়াই এলজিইডি’র রাস্তা কেটে ড্রেন নির্মাণ

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

১৮/০২/২০২৬ ২২:০০:৩৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের রাজার বাজারে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অনুমতি ছাড়াই ব্যস্ততম রাস্তা কেটে ড্রেন নির্মাণের অভিযোগ উঠেছে। এতে এলাকায় সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ ও উত্তজনা বিরাজ করছে।

রাজার বাজার থেকে বগাডুবি পর্যন্ত সড়কটি ওই অঞ্চলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম একটি রাস্তা। প্রতিদিন হাজার হাজার মানুষ ও যানবাহন এই সরু সড়কটি দিয়ে যাতায়াত করে। স্থানীয়দের অভিযোগ, কোনো ধরনের প্রশাসনিক অনুমোদন ছাড়াই সড়কের প্রায় ৫০ থেকে ১০০ ফুট অংশ কেটে ড্রেন নির্মাণ করা হচ্ছে। এর ফলে সড়কটি আরও অপ্রশস্ত হয়ে পড়েছে, যা পথচারীদের দুর্ভোগ বাড়াবে এবং জলাবদ্ধতার ঝুঁকি তৈরি করবে।

এলাকাবাসীর দাবি, কোনো সরকারি সংস্থা নয় বরং একটি প্রভাবশালী মহল নিজেদের ব্যক্তিগত সুবিধা হাসিলের জন্য রাস্তাটি কাটছে। আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন পলাশ জানান, রাজার বাজারের জনৈক ব্যবসায়ী জামান এই অননুমোদিত কাজের সাথে জড়িত। ১০০টির বেশি পরিবারের কৃষিজমি ও ধানি জমির পানি নিষ্কাশন এই নালা দিয়ে হয়, যা এখন হুমকির মুখে।

চুনারুঘাট উপজেলা এলজিইডি প্রকৌশলী আবুল কালাম সাফ জানিয়ে দিয়েছেন যে, রাস্তা কাটার বিষয়ে এলজিইডি থেকে কোনো অনুমতি দেওয়া হয়নি। তিনি আরও জানান বিষয়টি নিয়ে জেলা নির্বাহী প্রকৌশলীর কাছে অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। বর্তমানে সাধারণ মানুষের বাধার মুখে কাজ বন্ধ রয়েছে।

স্থানীয়রা আশঙ্কা করছেন, দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ না করলে এই ড্রেন নির্মাণকে কেন্দ্র করে এলাকায় অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তারা অবিলম্বে সড়কটি সংস্কার করে আগের অবস্থায় ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad