রাজনৈতিক মহলে তোলপাড়
হবিগঞ্জে ওসি ও বিএনপি নেতার ‘উত্তেজনাপূর্ণ’ ফোনালাপ ফাঁস
হবিগঞ্জের বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এবং বাহুবল উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী তুষারের মধ্যে কথিত একটি ‘উত্তেজনাপূর্ণ’ ফোনালাপকে কেন্দ্র করে পুরো জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অডিও কলটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা এখন স্থানীয়দের মধ্যে প্রধান আলোচনার বিষয়ে পরিণত হয়েছে। ওই ফোনালাপে ওসি সাইফুল ইসলামকে লক্ষ্য করে বিএনপি নেতা তুষারকে আপত্তিকর ভাষায় গালিগালাজ করতে শোনা যায়।
এ বিষয়ে ওসি সাইফুল ইসলাম অভিযোগ করে বলেন, "উপজেলা বিএনপি সভাপতির একটি কল আমি সময়মতো ধরতে না পারায় তিনি অন্য নম্বর থেকে ফোন করে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং হুমকি দিয়ে বলেন—বাহুবলে ওসিগিরি করতে হলে তাঁকে জিজ্ঞেস করে করতে হবে।"
অন্যদিকে, ফোনালাপ ফাঁসের পর বিএনপি নেতা ফেরদৌস চৌধুরী তুষার ফেসবুক লাইভে এসে পাল্টাপাল্টি গুরুতর অভিযোগ উত্থাপন করেছেন। তাঁর দাবি, ওসি মহাসড়কে জব্দকৃত বিপুল পরিমাণ অবৈধ সিগারেট আত্মসাৎ করেছেন এবং মাদক ব্যবসার সাথে সরাসরি সম্পৃক্ত। এছাড়াও তিনি ওসির বিরুদ্ধে টাকার বিনিময়ে মামলা গ্রহণ ও জুয়ার আসরে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে বিষয়টি পুলিশ সুপারকে মৌখিকভাবে জানিয়েছেন বলে দাবি করেন। এই পাল্টাপাল্টি অভিযোগ ও অডিও রেকর্ড ফাঁসের ঘটনায় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং একটি নিরপেক্ষ তদন্তের দাবি জোরালো হচ্ছে। তবে এখন পর্যন্ত হবিগঞ্জ জেলা পুলিশ প্রশাসন বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এ রহমান
মন্তব্য করুন: