মহাসড়ক অবরোধ ও ২৪ ঘণ্টার আল্টিমেটাম বিএনপি নেতাকর্মীদের
হবিগঞ্জে ওসিকে গালিগালাজ করায় উপজেলা বিএনপি সভাপতি আটক
হবিগঞ্জের বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামের সাথে অসৌজন্যমূলক আচরণ ও হুমকির অভিযোগে বাহুবল উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমেদ চৌধুরী তোষারকে আটক করেছে ডিবি পুলিশ। রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় তাঁর নিজ বাসায় অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও বাহুবল থানা পুলিশ যৌথভাবে তাঁকে হেফাজতে নেয়। তোষার চৌধুরীকে আটকের সংবাদ ছড়িয়ে পড়লে দুপুর ২টায় বাহুবল উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা ঢাকা-সিলেট মহাসড়কের মিরপুর এলাকায় বিক্ষোভ মিছিল ও পথসভা করেন। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা মহাসড়ক অবরোধ করলে প্রায় আধা ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পথসভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজি শামছুল আলম ও এনামুল হক এনামসহ নেতৃবৃন্দ আগামী ২৪ ঘণ্টার মধ্যে তোষার চৌধুরীর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ভাদেশ্বর ইউনিয়ন যুবলীগের সদস্য মাসুক মিয়াকে সম্প্রতি পুলিশ গ্রেপ্তার করলে তোষার চৌধুরী তাঁকে বিএনপি কর্মী দাবি করে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন। এ নিয়ে ব্যর্থ হয়ে তিনি ওসির মোবাইল ফোনে কল দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি প্রদান করেন, যার একটি অডিও রেকর্ড সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
ওসি সাইফুল ইসলাম জানান, তোষার চৌধুরী তাঁকে হুমকি দিয়ে বলেছিলেন যে বাহুবলে ‘ওসিগিরি’ করতে হলে তাঁকে জিজ্ঞেস করে করতে হবে।
অন্যদিকে, আটকের আগে এক ফেসবুক লাইভে তোষার চৌধুরী ওসির বিরুদ্ধে জব্দকৃত সিগারেট আত্মসাৎ ও মাদক ব্যবসায় সংশ্লিষ্টতার পাল্টা অভিযোগ তুলেছিলেন। বর্তমানে তোষার চৌধুরী ডিবি হেফাজতে রয়েছেন এবং তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
এ রহমান
মন্তব্য করুন: