আজমিরীগঞ্জে যুবকের মৃত্যু, পারিবারিক কলহের অভিযোগ
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা-য় নাইম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পারিবারিক কলহের জেরে তিনি বিষপান করেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন আজমিরীগঞ্জ থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আকবর হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় নাইমের সঙ্গে তার স্ত্রীর পারিবারিক বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি বাড়ি থেকে বের হয়ে কালনী–কুশিয়ারা নদীর তীরসংলগ্ন বেড়িবাঁধ এলাকায় যান। পরে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত নাইম উপজেলার সদর ইউনিয়নের নোয়ানগর গ্রামের বাসিন্দা তুলা মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে সুনামগঞ্জের শাল্লা উপজেলা-র ধল গ্রামের গোলাপ মিয়ার মেয়ের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর দাম্পত্য কলহ চলছিল বলে পরিবারের দাবি। এ নিয়ে দুই পরিবারের মধ্যে একাধিকবার সমঝোতার চেষ্টা হয়েছে বলেও জানা গেছে।
ওসি মোহাম্মদ আকবর হোসেন বলেন, “পারিবারিক কলহের জেরে বিষপানের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল-এ পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।”
পুলিশ জানিয়েছে, ঘটনার কারণ ও প্রেক্ষাপট খতিয়ে দেখা হচ্ছে।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: