বিএনপি নেতার মুক্তির দাবিতে হবিগঞ্জে দ্বিতীয় দফা মহাসড়ক অবরোধ
হবিগঞ্জের বাহুবল উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী তুষারকে আটকের প্রতিবাদে এবং ওসি প্রত্যাহারের দাবিতে দলীয় নেতাকর্মীরা দ্বিতীয় দফায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার মিরপুর বাজার এলাকায় মহাসড়ক এ অবরোধ করা হয়। খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
বিক্ষোভকারীরা মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে তুষারের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় তারা বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলামকে অবিলম্বে প্রত্যাহারের দাবিও জানান। এ সময় ১ ঘণ্টা মহাসড়কের যান চলাচল বন্ধ থাকে।
এরআগে বিকেলে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন নেতাকর্মীরা। পরে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে তারা অবরোধ তুলে নেয়। রাতে আবারো অবরোধ করলে রমজান মাসে ঘরমুখো মানুষ পড়েন চরম বিপাকে। খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
অতিরিক্ত পুলিশ সুপার রাখি রাণী দাস জানান- বর্তমানে যানচলাচল স্বাভাবিক আছে। আটক তুষারের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
উল্লেখ্য : শনিবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলামকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ ভাষায় কথা বলার একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। অডিওটি দ্রুত ভাইরাল হলে জেলায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরে রোববার দুপুর সাড়ে ১২টার দিকে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকার নিজ বাসা থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) ফেরদৌস চৌধুরী তুষারকে আটক করে।
তাহির আহমদ
মন্তব্য করুন: