মাধবপুরে স্বামীকে হত্যার পর ঘরে তালা দিয়ে পালালেন চতুর্থ স্ত্রী
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় দাম্পত্য কলহের জেরে ফেরদৌস মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে তাঁর স্ত্রী কর্তৃক হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বারচান্দুরা গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। নিহত ফেরদৌস ওই গ্রামের সমসু মেম্বারের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ফেরদৌসের সঙ্গে তাঁর চতুর্থ স্ত্রী তাছলিমা বেগমের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার দুপুরে কথা-কাটাকাটির একপর্যায়ে তাছলিমা তাঁর স্বামীর বুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই ফেরদৌসের মৃত্যু হলে অভিযুক্ত স্ত্রী বাইরে থেকে ঘরে তালা লাগিয়ে দ্রুত পালিয়ে যান। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কমল কৃষ্ণ সাহা জানান, হাসপাতালে আনার আগেই ফেরদৌসের মৃত্যু হয়েছিল।
মাধবপুর থানার সেকেন্ড অফিসার এসআই শাহনুর রহমান জানান, প্রাথমিকভাবে এই হত্যাকাণ্ডকে পারিবারিক কলহের চরম পরিণতি হিসেবে দেখা হচ্ছে। পলাতক স্ত্রী তাছলিমাকে গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে এবং এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এ রহমান
মন্তব্য করুন: