হবিগঞ্জে ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত
হবিগঞ্জের রতনপুর এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর খালাতো ভাই গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত প্রায় ১০টার দিকে রতনপুর সড়কে একটি ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন।
নিহত পায়েল (২২) নারায়ণপুর গ্রামের ভানু গোপের ছেলে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পায়েলকে মৃত ঘোষণা করেন।
আহত বিশাল গোপ (২৪) কিশোরগঞ্জ জেলার বাসিন্দা। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ডি আর ডি
মন্তব্য করুন: