নবীগঞ্জে তুচ্ছ ঘটনায় দুই ভাইকে ছুরিকাঘাত, আইসিইউতে একজন
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাউশা ইউনিয়নে মাত্র ১৫০ টাকা দোকান বাকি নিয়ে কথা কাটাকাটির জেরে দুই সহোদরকে পরিকল্পিতভাবে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে বাউশা গ্রামে এই নৃশংস ঘটনাটি ঘটে। আহতরা হলেন—গ্রামের শাহ মছদ্দর আলীর ছেলে শাহ ফজরুল আমিন ও শাহ আবির আলী।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় শাহ ফজরুল আমিনের সাথে একই গ্রামের লেবু মিয়ার ছেলে সামছুল হকের ১৫০ টাকা দোকান বাকি নিয়ে বিবাদ হয়। এর সূত্র ধরে সোমবার রাতে দুই ভাই যখন তারাবির নামাজ পড়তে যাচ্ছিলেন, তখন সামছুল হক ও মহিবুর রহমান বাবুল তাঁদের ওপর ওত পেতে থেকে হামলা চালায়। হামলাকারীরা দুই ভাইকে এলাপাতাড়ি ছুরিকাঘাত করে মৃত্যু নিশ্চিত ভেবে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় গ্রামবাসী তাঁদের উদ্ধার করে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
আহতদের স্বজনরা জানিয়েছেন, শাহ আবির আলীর আঘাত অত্যন্ত গুরুতর হওয়ায় বর্তমানে তাঁকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে এবং তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এই ন্যাক্কারজনক ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।
এ রহমান
মন্তব্য করুন: