হবিগঞ্জে আসামি বহনকারী পুলিশ ভ্যান খাদে: পুলিশ ও আসামিসহ আহত ৬
হবিগঞ্জের বানিয়াচং থানা থেকে আসামিদের নিয়ে আদালতে যাওয়ার পথে পুলিশ বহনকারী একটি পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে উল্টে গেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে হবিগঞ্জ-বানিয়াচং সড়কের সুবিদপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে ভ্যানে থাকা তিন পুলিশ সদস্য এবং তিন আসামিসহ মোট ছয়জন আহত হয়েছেন।
আহত আসামিরা হলেন— শাহপুর গ্রামের রাবিয়া বেগম, তাঁর ছেলে মোস্তাকিম মিয়া এবং বেতকান্দি গ্রামের যতীন্দ্র মালাকার। আহত পুলিশ সদস্যরা হলেন— গাড়িচালক পাভেল মিয়া, কনস্টেবল সৈয়দুল ইসলাম ও আকলিমা আক্তার।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরীফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে নারী আসামি রাবিয়া বেগমের মাথায় আঘাত লেগেছে, তবে কারও অবস্থাই আশঙ্কাজনক নয়। দুর্ঘটনাটি ঘটে যখন আসামিদের নিয়ে পুলিশের দলটি বানিয়াচং থেকে হবিগঞ্জ আদালতের উদ্দেশ্যে রওনা দিয়েছিল; পথিমধ্যে সুবিদপুর এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারালে এই বিপত্তি ঘটে। চিকিৎসা শেষে বর্তমানে সংশ্লিষ্ট পুলিশ সদস্য ও আসামিদের পুনরায় থানায় ফিরিয়ে নেওয়া হয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: