চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
মাধবপুরে এমপি সৈয়দ ফয়সলকে গণসংবর্ধনা
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল ঘোষণা করেছেন যে, চাঁদাবাজি, অনিয়ম ও দুর্নীতির সাথে কোনো প্রকার আপস করা হবে না। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে মাধবপুর উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত এক বিশাল গণসংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কঠোর হুঁশিয়ারি প্রদান করেন।
সৈয়দ ফয়সল বলেন, মাধবপুর ও চুনারুঘাটের প্রায় ৬ লাখ মানুষ বড় আশা নিয়ে তাঁকে নির্বাচিত করেছেন, তাই জনস্বার্থে কঠোর হতে হলেও তিনি পিছিয়ে থাকবেন না। বিশেষ করে চা-বাগান শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং সনাতন ধর্মাবলম্বীসহ সকল সম্প্রদায়ের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে তিনি দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন। যুবসমাজকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তিনি মাধবপুর-চুনারুঘাটকে ‘মাদকমুক্ত এলাকা’ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন এবং এ কাজে শিক্ষক-অভিভাবকসহ সামাজিক নেতাদের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির সাবেক সহসভাপতি সৈয়দ মো. শাহজাহান দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেন।
উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামালের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন পারভেজ হোসেন চৌধুরী, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক এবং পূজা উদ্যাপন ফ্রন্টের আহ্বায়ক হীরেশ ভট্টাচার্য্য হিরোসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে নেতাকর্মীরা সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর নেতৃত্বে এই অঞ্চলকে শান্তি ও উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।
এ রহমান
মন্তব্য করুন: