এলাকায় উত্তেজনা
হবিগঞ্জে মসজিদের হিসাব নিয়ে সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ শতাধিক আহত
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কাওরা কান্দি গ্রামে মসজিদের তহবিলের হিসাব ও নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে ইফতারের আগমুহূর্তে সাবেক দুই ইউপি সদস্য সিরাজু উদ্দিন ও তাইতুলের অনুসারীদের মধ্যে এই ভয়াবহ সংঘাত বাঁধে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মসজিদের অর্থ ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিন ধরে চলা বিরোধের জেরে গত ২০ ফেব্রুয়ারিও দুই পক্ষ সংঘর্ষে জড়িয়েছিল; সে সময় পুলিশ দুইজনকে গ্রেফতার করলেও বৃহস্পতিবার তাদের একজন জামিনে মুক্ত হয়ে এলাকায় ফিরলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতারের মুহূর্তে উভয় পক্ষ টেঁটা, লাঠিসোঁটা ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়, যা পুরো গ্রামে আতঙ্ক সৃষ্টি করে এবং বহু পরিবার প্রাণভয়ে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেয়। এই ঘটনায় জাবেদ মিয়া, আব্দুল আমিন, রুহন আমিন ও রুজিনা খাতুনসহ নারী-পুরুষ মিলিয়ে উভয় পক্ষের অন্তত শতাধিক ব্যক্তি আহত হয়েছেন, যাদের মধ্যে গুরুতর আহত বেশ কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নতুন করে সহিংসতা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা রোধে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছেন।
এ রহমান
মন্তব্য করুন: