আধিপত্য বিস্তার ও জলমহাল সংক্রান্ত বিরোধ
হবিগঞ্জে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে অর্ধশতাধিক আহত
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বিরাট (উজানপাড়া) গ্রামে আধিপত্য বিস্তার ও জলমহাল সংক্রান্ত পুরনো বিরোধের জেরে দুই পক্ষের ঘণ্টাব্যাপী এক ভয়াবহ সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে সাবেক ইউপি চেয়ারম্যান ঈসমাইল হোসেন সরস এবং বর্তমান ইউপি সদস্য মুজিবুর রহমান মজুর সমর্থকদের মধ্যে এই সংঘাতের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় সরস পক্ষের নীলয়ের সাথে মজু পক্ষের বজলু ও মহিবুরের বাকবিতণ্ডাকে কেন্দ্র করে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রণক্ষেত্রে রূপ নেয়; এতে দিলকুশ মিয়া, মহিবুর মিয়া ও বারাম মিয়াসহ বেশ কয়েকজন গুরুতর জখম হন। গুরুতর আহত তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং বাকিদের আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ইউপি সদস্য মুজিবুর রহমান মজুর দাবি, জলমহাল বিরোধের জেরে নামাজে যাওয়ার পথে তাঁর ছেলেকে মারধরের মাধ্যমে এই সংঘর্ষের সূত্রপাত হয়; তবে সাবেক চেয়ারম্যান ঈসমাইল হোসেন সরস ব্যস্ততার কথা বলে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি। খবর পেয়ে আজমিরীগঞ্জ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবার হোসেন জানান, তুচ্ছ বাকবিতণ্ডা থেকে বড় ধরনের এই সংঘর্ষের সৃষ্টি হয়েছে এবং বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকায় পরিস্থিতি শান্ত রয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: