অবশেষে কবি মোহন রায়হানই পাচ্ছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার
বিতর্ক ও সাময়িক স্থগিতাদেশের অবসান ঘটিয়ে অবশেষে কবি মোহন রায়হানকে ২০২৫ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (কবিতা শাখা) প্রদানের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আফসানা মিমি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২ মার্চ সকাল ১১টায় বাংলা একাডেমিতে তাঁকে আনুষ্ঠানিকভাবে এই পদক প্রদান করা হবে।
উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি পুরস্কারপ্রাপ্তদের তালিকায় মোহন রায়হানের নাম থাকলেও তাঁর লেখা 'তাহেরের স্বপ্ন' কবিতাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিরূপ সমালোচনা ও একটি মহলের অভিযোগের প্রেক্ষিতে গত ২৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আয়োজিত মূল অনুষ্ঠানে তাঁর পুরস্কার প্রদান স্থগিত রাখা হয়েছিল। এই ঘটনায় ক্ষুব্ধ কবি ফেসবুক পোস্টে দাবি করেছিলেন, ৪১ বছর আগে কর্নেল তাহেরকে নিয়ে লেখা কবিতার জেরে একটি মহল ষড়যন্ত্র করে তাঁর পুরস্কার বাতিল করিয়েছে, যদিও তিনি কোনো তদবির ছাড়াই নির্বাচিত হয়েছিলেন। উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে গত ২৭ ফেব্রুয়ারি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবের উপস্থিতিতে এক জরুরি সভা অনুষ্ঠিত হয় এবং বিস্তারিত পর্যালোচনার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মতিক্রমে তাঁকে এই পুরস্কার দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম এর আগে জানিয়েছিলেন যে, উত্থাপিত অভিযোগগুলো খতিয়ে দেখার স্বার্থেই সাময়িকভাবে এই স্থগিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এখন সকল আইনি ও আদর্শিক যাচাই-বাছাই শেষে কবি মোহন রায়হান তাঁর প্রাপ্য সম্মাননা পেতে যাচ্ছেন বলে নিশ্চিত করেছে মন্ত্রণালয়।
এ রহমান
মন্তব্য করুন: