হবিগঞ্জে বেপরোয়া কিশোর গ্যাং: অস্ত্রের মহড়া ও মাদকে বিপন্ন জনপদ
Led Bottom Ad

আতঙ্কে অভিভাবকরা

হবিগঞ্জে বেপরোয়া কিশোর গ্যাং: অস্ত্রের মহড়া ও মাদকে বিপন্ন জনপদ

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

০৪/০৩/২০২৬ ১৭:৪৯:৩৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জ জেলাজুড়ে ১৫ থেকে ২০ বছর বয়সী কিশোরদের নিয়ে গঠিত বিভিন্ন 'কিশোর গ্যাং'-এর দৌরাত্ম্য আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় সাধারণ নাগরিকদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ধারালো চাপাতি ও চায়নিজ কুড়াল নিয়ে প্রকাশ্যে মহড়া, স্কুল-ছাত্রীদের উত্ত্যক্ত করা, মাদকসেবন এবং ছিনতাইয়ের মতো গুরুতর অপরাধে জড়িয়ে পড়ছে এই কিশোররা। সম্প্রতি শহরের রাজনগর, মহিলা কলেজ ও বালিকা উচ্চ বিদ্যালয় এলাকায় ২০-২৫ জনের একটি কিশোর দল দেশীয় অস্ত্র হাতে মহড়া দিয়ে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে শহরজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এছাড়া ধুলিয়াখাল বিসিক এলাকায় মোটরসাইকেলে শোডাউন এবং গত ১ মার্চ রাতে তারাবি নামাজের সময় মোহনপুর বাইপাস সড়কে দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় জনমনে ভীতি আরও ঘনীভূত হয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি কারাগার থেকে মুক্তি পাওয়া এক ব্যক্তি ও তাঁর ছেলেকে ইজিবাইক থেকে নামিয়ে বেধড়ক মারধর এবং চুনারুঘাটে মাজারের মেলায় দোকানপাট ভাঙচুরের ঘটনায়ও কিশোর গ্যাংয়ের সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনুর রশীদ চৌধুরী ও শিশু আদালতের পিপি হাফিজুল ইসলামের মতে, ১৮ বছরের নিচে হওয়ায় কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার সীমাবদ্ধতা এবং পারিবারিক শিক্ষার অভাবই এই কিশোরদের বেপরোয়া করে তুলছে। পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি অভিযান চালিয়ে মাছুলিয়া ও উমেদনগর গ্রামের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

হবিগঞ্জের পুলিশ সুপার মোছা. ইয়াসমিন খাতুন জানিয়েছেন, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং তাদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান।

তবে জেলার সর্বস্তরের মানুষ এই গ্যাং কালচার নির্মূলে শুধুমাত্র পুলিশের অভিযান নয়, বরং সামাজিক ও প্রশাসনিক সমন্বিত পদক্ষেপের দাবি জানিয়েছেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad