৪ বছর পর সচল শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্র: সাশ্রয় হবে দৈনিক ৮ কোটি টাকা
দীর্ঘ চার বছর বন্ধ থাকার পর অবশেষে আংশিক উৎপাদনে ফিরেছে হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজীবাজারে অবস্থিত ৩৩০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রটি। ২০২২ সালের ২৯ মে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে সঞ্চালন লাইনের ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকে কেন্দ্রটির উৎপাদন সম্পূর্ণ বন্ধ ছিল।
চাঞ্চল্যকর তথ্য হলো, মাত্র ৪৫ কোটি টাকা বরাদ্দের অভাবে মেরামত কাজ আটকে থাকায় গত চার বছরে সরকারের প্রায় ২০ হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। কেন্দ্র সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্যাসভিত্তিক এই কেন্দ্রটি ২০১৬ সালে বাণিজ্যিক উৎপাদন শুরু করে এবং ২০১৭ সালে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়; ২ হাজার ৮০৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই কেন্দ্রে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে ব্যয় হতো মাত্র ২ টাকা ৮৪ পয়সা। ট্রান্সফরমার বিকল হওয়ার দীর্ঘ সময় পর গত বছরের ২৭ আগস্ট সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি ১১১ কোটি ১৮ লাখ টাকার মেরামত প্রস্তাব অনুমোদন করলে চীনা প্রতিষ্ঠান 'SEPCO-III' সংস্কার কাজ শুরু করে। গত ২৭ ফেব্রুয়ারি থেকে কেন্দ্রটির ১১০ মেগাওয়াট সক্ষমতার একটি ইউনিট আংশিক সচল হয়েছে এবং বর্তমানে প্রাথমিক পর্যায়ে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী আব্দুল মান্নান জানিয়েছেন, চলতি মাসের মধ্যেই উৎপাদন ১৬৫ মেগাওয়াট পর্যন্ত উন্নীত করা সম্ভব হবে, যার ফলে প্রতিদিন সরকারের প্রায় ৮ কোটি টাকা সাশ্রয় হবে। ১৯৬৯ সালে দেশের বৃহত্তম কেন্দ্র হিসেবে পরিচিতি পাওয়া শাহজীবাজারের এই নতুন ইউনিটটি সচল হওয়ায় জাতীয় গ্রিডে লোডশেডিংয়ের চাপ কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।
এ রহমান
মন্তব্য করুন: