পাকিস্তানের হামলার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল আফগান সীমান্ত
সীমান্ত সংঘর্ষে বেসামরিক নাগরিক হত্যার প্রতিবাদে এবং নিজেদের সেনাদের প্রতি সমর্থন জানিয়ে আফগানিস্তানের সীমান্ত প্রদেশগুলোতে শত শত মানুষ পাকিস্তানের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন। পূর্বাঞ্চলীয় পাকতিয়া প্রদেশের রাজধানী গারদেজে জড়ো হওয়া বাসিন্দারা এ সময় তালেবান সরকারের সাদা পতাকা নেড়ে এবং সীমান্তে লড়াইরত সেনাদের গলায় রঙিন ফুলের মালা পরিয়ে দিয়ে দেশ রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন।
জাতিসংঘের তথ্যমতে, গত এক সপ্তাহ ধরে চলা এই ভয়াবহ সীমান্ত সংঘর্ষে শিশুসহ অন্তত ৪২ জন আফগান বেসামরিক নাগরিক নিহত ও ১০৪ জন আহত হয়েছেন; এছাড়া ঘরবাড়ি ছেড়ে বাস্তুচ্যুত হয়েছেন আরও প্রায় ৬৬ হাজার মানুষ।
বিক্ষোভ সমাবেশে গামাই নামের এক প্রতিবাদী নাগরিক বলেন, “আফগান বেসামরিক নাগরিকদের ওপর পাকিস্তানের নির্মম হামলার প্রতিবাদ জানাতে এবং নিজেদের ভূমি রক্ষা করতে আমরা আজ ঐক্যবদ্ধ।”
অন্যদিকে খোস্ত প্রদেশের গুরবুজ জেলায় আয়োজিত সমাবেশে ৭০ বছর বয়সী ওবায়দুল্লাহ গুরবাজ বলেন, “ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত থেকেও আমাদের সেনারা দৃঢ়ভাবে দেশ রক্ষা করছে; আমরা কুনারে নিহত নারী-শিশুসহ ১৭ জন শহীদের বিচার চাই।”
আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় ২৫ জনের বেশি সেনা নিহতের দাবি করলেও ইসলামাবাদ জানিয়েছে, তাদের হামলায় ৪৩০ জনের বেশি আফগান সেনা নিহত হয়েছে। পাল্টা দাবিতে আফগানিস্তান জানিয়েছে, পাকিস্তানের প্রায় ১৫০ সেনা নিহত হয়েছে, তবে সংঘাতপূর্ণ এলাকায় দুই পক্ষের হতাহতের দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, সংঘাতের ফলে মানবিক সহায়তা কার্যক্রম ও জরুরি খাদ্য সহায়তা স্থগিত হয়ে পড়ায় প্রায় ১ লাখ ৬০ হাজার মানুষ চরম সংকটে পড়েছেন।
তীব্র খাদ্যসংকটের বর্ণনায় নানগারহারের বাসিন্দা ফারহাদ জানান, সহায়তা বন্ধ হওয়ায় বর্তমানে তিনি অর্ধাহারে দিন কাটাচ্ছেন এবং প্রতিবেশীদের কাছে ধার চেয়েও কোনো সাহায্য পাচ্ছেন না।
এ রহমান
মন্তব্য করুন: