জ্বালানি তেলের পাচার ঠেকাতে হবিগঞ্জ সীমান্তে বিজিবির কঠোর নজরদারি
ইরান বনাম ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলার প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে, তার সুযোগ নিয়ে সীমান্তবর্তী পথে জ্বালানি তেল পাচার রুখতে হবিগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থান গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৬ মার্চ) সকাল থেকে সীমান্তবর্তী বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েনের পাশাপাশি চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে বলে নিশ্চিত করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫) বিজিবি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী জাহাজ চলাচল বন্ধের হুমকির ফলে বিশ্বব্যাপী সরবরাহ সংকট ও মূল্যবৃদ্ধির যে আশঙ্কা তৈরি হয়েছে, তাকে পুঁজি করে দেশের অসাধু চক্র যাতে কৃত্রিম সংকট সৃষ্টি বা পার্শ্ববর্তী দেশে তেল পাচার করতে না পারে, সেজন্যই এই আগাম প্রস্তুতি।
হবিগঞ্জ-৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানিয়েছেন, বৈশ্বিক যুদ্ধের উত্তাপকে কাজে লাগিয়ে কোনো স্বার্থান্বেষী মহল যাতে সীমান্ত দিয়ে অবৈধভাবে জ্বালানি পাচার করতে না পারে, সেজন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি বিশেষ টহল দল মোতায়েন করা হয়েছে।
বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, দেশের জাতীয় সম্পদ রক্ষা ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্তবর্তী রুটগুলোতে এই অভিযান ও কড়া নজরদারি অনির্দিষ্টকাল অব্যাহত থাকবে।
এ রহমান
মন্তব্য করুন: