মসজিদের নাম পরিবর্তনকে কেন্দ্র করে উত্তেজনা, মাধবপুরে ১৪৪ ধারা জারি
হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নে একটি মসজিদের নাম পরিবর্তনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেওয়ায় এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
রোববার (১৫ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহিদ বিন কাশেম স্বাক্ষরিত এক আদেশে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জগদীশপুর ইউনিয়নের উত্তরবরগ আলহানি কেন্দ্রীয় জামে মসজিদের বিদ্যমান নাম পরিবর্তন করে একটি পক্ষ ‘সোনার মদীনা মসজিদ’ নামকরণ করতে চাইলে এলাকায় উত্তেজনা তৈরি হয়। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনার আশঙ্কা দেখা দেয়।
এ পরিস্থিতিতে জনশৃঙ্খলা রক্ষার্থে মসজিদের চারপাশের ২০০ গজ এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হয়েছে। আদেশ অনুযায়ী, ওই এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ, জনসভা, মিছিল, স্লোগান, মাইকিং, পিকেটিং, অস্ত্র বহনসহ আইনশৃঙ্খলা বিঘ্নকারী সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।
এ ছাড়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মসজিদের সব কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রেখে তালাবদ্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলে জানানো হয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, এ আদেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে।
মাধবপুর থানার ওসি মাহাবুব মোরশেদ খান বলেন, “পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।”
ডি আর ডি
মন্তব্য করুন: