ভ্রাম্যমাণ আদালতের অভিযান
তাহিরপুরে ৩ ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে জনস্বাস্থ্যের সুরক্ষায় এক বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। সোমবার (৩০ মার্চ) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহযোগিতায় এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন তাহিরপুরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরুখ আলম শান্তনু। প্রসিকিউশন পরিচালনা করেন সুনামগঞ্জ জেলা ঔষধ তত্ত্বাবধায়ক মিঠুন সাহা। অভিযান চলাকালে বাদাঘাট তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্য ও বাজার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থেকে সহায়তা প্রদান করেন।
অভিযান চলাকালে ফিজিশিয়ানস স্যাম্পল (চিকিৎসকদের জন্য সংরক্ষিত নমুনা) প্রদর্শন এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে তিনটি ফার্মেসিকে ‘ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩’ অনুযায়ী মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া দোকানগুলো থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ও বিক্রয়নিষিদ্ধ ঔষধ জব্দ করা হয়।
ম্যাজিস্ট্রেট শাহরুখ আলম শান্তনু জানান, সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি এড়াতে এবং মানসম্মত ঔষধ নিশ্চিত করতে এই ধরনের অভিযান পরিচালনা করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আরও জানিয়েছে, জনস্বার্থে বাদাঘাটসহ উপজেলার অন্যান্য বাজারেও এই বিশেষ তদারকি ও মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ রহমান
মন্তব্য করুন: