দিরাইয়ে সুরমা নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু
সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর বাজার ঘাট এলাকায় পুরাতন সুরমা নদীতে গোসল করতে গিয়ে জিতেশ রায় (৬৫) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) বিকেল আনুমানিক ৩টার দিকে তিনি গোসলের জন্য নদীতে নামলে হঠাৎ পানিতে তলিয়ে যান বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে। স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে বিষয়টি টের পেয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন এবং প্রায় ২ ঘণ্টার দীর্ঘ প্রচেষ্টার পর নদী থেকে তাঁর নিথর দেহ উদ্ধার করা সম্ভব হয়।
স্থানীয়দের ধারণা, প্রখর রোদে গোসলের সময় জিতেশ রায় হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে তলিয়ে গিয়ে এই দুর্ঘটনার শিকার হয়েছেন। নিহত জিতেশ রায় চরনারচর গ্রামের মৃত যতীন্দ্র রায়ের ছেলে এবং ওই বাজারের বিশিষ্ট ব্যবসায়ী পান্ডব রায়ের বড় ভাই হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। তাঁর এই আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্থানীয় ব্যবসায়ী মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে এবং এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
দিরাই থানা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা বিষয়টি নিশ্চিত করেছেন এবং পারিবারিকভাবে শেষকৃত্যের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে। মৃতদেহের সুরতহাল প্রতিবেদন শেষে পরবর্তী আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে পুলিশ সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
এ রহমান
মন্তব্য করুন: