দেড় যুগে ধরে সংস্কার বিহীন
জগন্নাথপুর-বেগমপুর ১০ কিলোমিটার সড়ক মরণফাঁদে পরিণত
সুনামগঞ্জের জগন্নাথপুর-বেগমপুর সড়কটি নির্মাণের দীর্ঘ দেড় যুগেও কোনো বড় ধরনের সংস্কার না হওয়ায় বর্তমানে তা জনসাধারনের জন্য এক মরণফাঁদে পরিণত হয়েছে। উপজেলার রানীগঞ্জ, পাইলগাঁও ও আশারকান্দি ইউনিয়নের হাজার হাজার মানুষের যাতায়াতের প্রধান এই মাধ্যমটি এখন খানাখন্দ আর বড় বড় গর্তে একাকার।
সরজমিনে দেখা গেছে, প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ এই সড়কের পিচ ও খোয়া উঠে গিয়ে অসংখ্য বিপজ্জনক গর্তের সৃষ্টি হয়েছে, যেখানে সামান্য বৃষ্টিতেই পানি জমে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। বিশেষ করে ২০২২ সালের ভয়াবহ বন্যার পর জগন্নাথপুর থেকে কালনিরচর পর্যন্ত সড়কটির অবস্থা আরও নাজুক হয়ে পড়ে, যা আজ অবধি মেরামত করা হয়নি।
স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলাম ও সিএনজি চালক লুলন মিয়া ক্ষোভ প্রকাশ করে জানান, ভাঙাচোরা এই সড়কে প্রতিদিন যাতায়াত করতে গিয়ে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও অসুস্থ রোগীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন; প্রায়ই বিকল হয়ে পড়ছে যানবাহন, ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিনের অবহেলায় এই গুরুত্বপূর্ণ সড়কটি এখন যন্ত্রণার নামান্তর হয়ে দাঁড়িয়েছে।
এ বিষয়ে জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী জানান, বর্তমানে ঘোষগাঁও ব্রিজ থেকে কুবাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ২৩০০ মিটার সড়কের সংস্কার কাজ চলমান রয়েছে এবং কুবাজপুর থেকে পরবর্তী ২ কিলোমিটার রাস্তার কাজের টেন্ডার প্রক্রিয়া শেষ করে ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে। দ্রুতই এই কাজগুলো শুরু হবে বলে তিনি আশ্বস্ত করেন।
স্থানীয় ভুক্তভোগীরা বর্তমান সরকার ও সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে এই দীর্ঘস্থায়ী ভোগান্তি থেকে মুক্তির দাবি জানিয়েছেন। সড়কটি পূর্ণাঙ্গ সংস্কার হলে এই অঞ্চলের ব্যবসা-বাণিজ্য ও যাতায়াত ব্যবস্থায় নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে জরাজীর্ণ এই জনপদে নিরাপদ যাতায়াতের জন্য এলাকাবাসী প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের অপেক্ষায় প্রহর গুনছেন।
এ রহমান
মন্তব্য করুন: