সুনামগঞ্জে বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু, আহত ২
সুনামগঞ্জের তাহিরপুর, জামালগঞ্জ ও ধর্মপাশা উপজেলায় বোরো ধান কাটার মৌসুমে পৃথক বজ্রপাতের ঘটনায় তিন কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৮ এপ্রিল) দুপুরে হাওরে কাজ করার সময় এই দুর্ঘটনাগুলো ঘটে। এসব ঘটনায় আরও দুই কৃষক গুরুতর আহত হয়েছেন। নিহতরা হলেন—তাহিরপুর সদর ইউনিয়নের গাজীপুর গ্রামের আবুল কালাম ওরফে কালা মিয়া (২৮), জামালগঞ্জ সদর ইউনিয়নের চাঁনপুর গ্রামের নুরুজ্জামান এবং ধর্মপাশা উপজেলার পাইকুরহাটি ইউনিয়নের বড়ইহাটি গ্রামের হাবিবুর রহমান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তাহিরপুরের মাটিয়ান হাওরে একটি হাঁসের খামারে কাজ করার সময় বজ্রপাতে আবুল কালাম ঘটনাস্থলেই প্রাণ হারান এবং তাঁর সহকর্মী নূর মোহাম্মদ গুরুতর আহত হন। অন্যদিকে, জামালগঞ্জের পাগনার হাওরে ধান কাটার সময় বজ্রপাতে নুরুজ্জামান ও তাঁর চাচাতো ভাই তোফাজ্জল আহত হলে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক নুরুজ্জামানকে মৃত ঘোষণা করেন। আহত তোফাজ্জল ও নূর মোহাম্মদকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে। এছাড়া ধর্মপাশার টগার হাওরে ধান কাটার সময় বজ্রপাতে প্রাণ হারান কৃষক হাবিবুর রহমান।
সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মো. মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারি সহায়তা দেওয়ার জন্য স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: