কানাডায় এমপি নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের ডলি বেগম
Led Bottom Ad

কানাডায় এমপি নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের ডলি বেগম

প্রথম সিলেট প্রতিবেদন

১৯/০৪/২০২৬ ১৫:৫৯:১৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

কানাডার রাজনীতিতে এক অনন্য উচ্চতায় পৌঁছালেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম। গত ১৩ এপ্রিল অনুষ্ঠিত স্কারবোরো সাউথওয়েস্ট আসনের ফেডারেল উপনির্বাচনে লিবারেল পার্টির প্রার্থী হিসেবে বিপুল ভোটে জয়ী হয়ে ইতিহাস গড়েছেন তিনি। এর মাধ্যমে তিনি কানাডার পার্লামেন্টে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নারী সংসদ সদস্য (এমপি) হিসেবে সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করলেন। তাঁর এই ঐতিহাসিক বিজয়ে জন্মভূমি মৌলভীবাজারের স্বজন ও এলাকাবাসীর মধ্যে বইছে আনন্দের জোয়ার।

মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের বাজরাকোনা গ্রামে ডলি বেগমের পৈতৃক নিবাস এবং রাজনগরের হরিনাচং গ্রামে তাঁর নানাবাড়ি। ১৯৯৮ সালে পরিবারের সঙ্গে কানাডায় পাড়ি জমানো ডলি বেগম ২০১৮ সালে অন্টারিও প্রাদেশিক নির্বাচনে এনডিপি (NDP) থেকে প্রথমবার এমপিপি নির্বাচিত হয়ে চমক সৃষ্টি করেছিলেন। পরবর্তীতে ২০২২ এবং ২০২৫ সালেও তিনি প্রাদেশিক নির্বাচনে জয়ী হন এবং অন্টারিও এনডিপি-র উপ-নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। তবে ফেডারেল রাজনীতিতে নামার জন্য গত ফেব্রুয়ারিতে তিনি প্রাদেশিক রাজনীতি ও এনডিপি থেকে পদত্যাগ করে লিবারেল পার্টিতে যোগ দেন। উপনির্বাচনে তিনি কনজারভেটিভ ও এনডিপি-র প্রার্থীদের বড় ব্যবধানে পরাজিত করে তাঁর আধিপত্য বজায় রাখেন।

বিজয় পরবর্তী এক প্রতিক্রিয়ায় ডলি বেগম তাঁর ফেসবুক পেজে ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “সংসদ সদস্য হিসেবে আপনাদের সেবা করার জন্য আপনারা আমার ওপর যে আস্থা রেখেছেন, তাতে আমি গভীরভাবে অভিভূত ও কৃতজ্ঞ। নির্বাচনি প্রচারণার সময় আমি আপনাদের সমস্যা ও প্রত্যাশার কথা শুনেছি; এখন সেই দাবিগুলো অটোয়ায় (কানাডার পার্লামেন্টে) তুলে ধরাই হবে আমার মূল দায়িত্ব।”

মৌলভীবাজারের অজপাড়া গ্রাম থেকে উঠে এসে বিদেশের মাটিতে এই গৌরবময় অর্জনে ডলি বেগম এখন প্রবাসী বাংলাদেশি তরুণ প্রজন্মের কাছে এক অদম্য অনুপ্রেরণার নাম।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad