দিরাইয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩ চোর
সুনামগঞ্জের দিরাই উপজেলা-এ পুলিশের অভিযানে সংঘবদ্ধ চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে পৌর এলাকার বিভিন্ন স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পৌর সদরের ঘাগটিয়া গ্রামের নুরুল আমিন, একই গ্রামের আফাজ মিয়া এবং তাড়ল ইউনিয়নের ভাঙ্গাডহর গ্রামের টিটু দাস।
পুলিশ জানায়, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে চুরির একাধিক মামলা রয়েছে। দিরাই পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন স্থানে সংঘটিত চুরির ঘটনায় তাঁদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন স্থানে চুরির ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে যায়। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও অসন্তোষ সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে বিশেষ অভিযান শুরু করে পুলিশ।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, দিরাই ফিমেল সরকারি প্রাথমিক বিদ্যালয়-এ চুরির মামলায় নুরুল আমিন ও আফাজ মিয়াকে এবং দিরাই আদর্শ শিক্ষা নিকেতন-এ চুরির মামলায় টিটু দাসকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, আদর্শ শিক্ষা নিকেতন থেকে চুরি হওয়া কিছু মালামাল টিটু দাসের কাছ থেকে উদ্ধার করা হয়েছে।
ডি আর ডি
মন্তব্য করুন: