৪৮০০ লিটার অবৈধ ডিজেল জব্দ: আটক ১
লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলায় অবৈধভাবে মজুত করা প্রায় ৪ হাজার ৮০০ লিটার ডিজেল জব্দ করেছে পুলিশ। গতকাল রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ব্রিজঘাট এলাকাসহ আশপাশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাইফুল ইসলাম শাকিল নামে এক যুবককে আটক করা হয়েছে। আটক শাকিল উপজেলার বড়খেরী এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জ্বালানি তেলের অবৈধ মজুত উদ্ধারে এই ঝটিকা অভিযান চালানো হয়। অভিযানে শাকিলের হেফাজত থেকে ২৪টি ড্রাম ভর্তি ডিজেল উদ্ধার করা হয়। প্রতিটি ড্রামে ২০০ লিটার করে মোট ৪ হাজার ৮০০ লিটার ডিজেল পাওয়া গেছে, যার বর্তমান বাজারমূল্য প্রায় ৫ লাখ ৫২ হাজার টাকা। স্থানীয়দের অভিযোগ, একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে কৃত্রিম সংকট তৈরি করে অধিক মুনাফার আশায় অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে আসছিল।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরসহ আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনস্বার্থে অবৈধ মজুতদারদের বিরুদ্ধে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
এ রহমান
মন্তব্য করুন: