বাস্তুচ্যুত ৯ হাজার মানুষ
মালয়েশিয়ায় উপকূলীয় গ্রামে অগ্নিকাণ্ডে ১০০০ ঘরবাড়ি পুড়ে ছাই
মালয়েশিয়ার বোর্নিও দ্বীপের সাবাহ প্রদেশে একটি উপকূলীয় গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক হাজারের বেশি ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল রোববার (১৯ এপ্রিল) ভোরে সাবাহর সান্দাকান জেলার একটি ‘ওয়াটার ভিলেজ’ বা পানির ওপর নির্মিত গ্রামে এই দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ৯ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
সান্দাকান জেলার ফায়ার ও রেসকিউ প্রধান জিমি লাগুং জানান, রোববার ভোরে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। প্রবল বাতাস এবং ঘরগুলো খুব কাছাকাছি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। গ্রামটি কাঠের তৈরি খুঁটির ওপর নির্মিত হওয়ায় এবং সাগরে ভাটা চলায় পানির তীব্র সংকট দেখা দেয়, যা আগুন নিয়ন্ত্রণে বড় বাধা হয়ে দাঁড়ায়। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামার তথ্য অনুযায়ী, ৯ হাজারের বেশি বাসিন্দা ক্ষতিগ্রস্ত হলেও এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। তিনি এক ফেসবুক পোস্টে জানান, ক্ষতিগ্রস্তদের মৌলিক সহায়তা এবং সাময়িক বাসস্থানের ব্যবস্থা করতে কেন্দ্রীয় সরকার সাবাহ কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। বর্তমানে ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা ও জরুরি ত্রাণ পৌঁছে দেওয়াকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
এ রহমান
মন্তব্য করুন: