নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুংয়ের পদত্যাগ
Led Bottom Ad

দুর্নীতির অভিযোগ

নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুংয়ের পদত্যাগ

প্রথম ডেস্ক

২৩/০৪/২০২৬ ০৯:১৯:১১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

দুর্নীতিবিরোধী অঙ্গীকার নিয়ে ক্ষমতায় আসার এক মাসেরও কম সময়ের মধ্যে আর্থিক অনিয়মের অভিযোগের মুখে পদত্যাগ করেছেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং। বুধবার (২২ এপ্রিল) তিনি পদত্যাগপত্র জমা দেন। গত সেপ্টেম্বরে নেপালের পূর্ববর্তী সরকার পতনের আন্দোলনে নেতৃত্ব দেওয়া ‘জেন-জি’ বিক্ষোভের অন্যতম পরিচিত মুখ ছিলেন ৩৮ বছর বয়সী এই নেতা।

কাঠমান্ডু থেকে এএফপি জানায়, সুদান গুরুং সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর পদত্যাগের ঘোষণা দিয়ে লিখেছেন, ‘সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতেই আমি আজ স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছি। আমার কাছে নৈতিকতা পদ-পদবির চেয়ে বড় এবং জনআস্থার চেয়ে বড় কোনো শক্তি নেই।’ তাঁর পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ’র প্রেস উপদেষ্টা দীপা দাহাল। তিনি জানান, নতুন নিয়োগ না হওয়া পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব প্রধানমন্ত্রী নিজেই পালন করবেন।

চলতি বছরের জানুয়ারিতে রাষ্ট্রীয় স্বাধীন পার্টিতে (আরএসপি) যোগ দেওয়া গুরুং মার্চের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে গত ২৭ মার্চ স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার পরপরই তিনি সেপ্টেম্বরের বিক্ষোভ দমনে জড়িত থাকার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে গ্রেপ্তারের নির্দেশ দিয়ে ব্যাপক আলোচনায় এসেছিলেন।

তবে সম্প্রতি গুরুংয়ের বিরুদ্ধে সম্পদের উৎস গোপন এবং অর্থপাচারের তদন্তাধীন এক ব্যবসায়ীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের অভিযোগ ওঠে। প্রধান বিরোধী দল নেপালি কংগ্রেস তাঁর পদত্যাগের দাবি তুলে জানায়, তিনি পদে থাকলে নিরপেক্ষ তদন্ত সম্ভব নয়। যদিও সোমবার পর্যন্ত এসব অভিযোগকে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছিলেন তিনি। বর্তমান সরকারে গুরুং দ্বিতীয় মন্ত্রী যিনি পদত্যাগ করলেন; এর আগে আচরণবিধি লঙ্ঘনের দায়ে শ্রমমন্ত্রীকে অপসারণ করা হয়েছিল। উল্লেখ্য, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সূচকে বর্তমানে ১৮০টি দেশের মধ্যে নেপালের অবস্থান ১০৯তম।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad