সংরক্ষিত আসনে স্থান না পেলেও দলের উপর ভরসা বড়লেখার রাহেনার
প্রত্যাশা ছিল, আলোচনাও কম হয়নি। তবু শেষ পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন পাননি রাহেনা বেগম হাছনা। তবে এতে ভেঙে পড়ার বদলে তিনি বেছে নিয়েছেন ধৈর্য আর সংযমের পথ—দলের সিদ্ধান্তকে জানিয়েছেন স্বাগত।
মৌলভীবাজার জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক এবং বড়লেখা উপজেলা পরিষদের চারবারের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা দীর্ঘদিন ধরে তৃণমূল রাজনীতির সঙ্গে যুক্ত। গ্রাম থেকে উঠে এসে জাতীয় পর্যায়ের মনোনয়নপ্রত্যাশীদের তালিকায় জায়গা করে নেওয়াটাকেই তিনি দেখছেন বড় অর্জন হিসেবে।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি পাশে থাকা নেতাকর্মী, সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানান। সংক্ষিপ্ত কিন্তু আবেগমিশ্রিত সেই বার্তায় তিনি লিখেছেন, এই যাত্রা ছিল চ্যালেঞ্জে ভরা, তবে শিখিয়েছেন অনেক কিছু—যা আগামীর পথচলায় শক্তি জোগাবে।
সহস্রাধিক মনোনয়নপ্রত্যাশীর ভিড়ে একজন কর্মী হিসেবে জাতীয় পর্যায়ে আলোচনায় আসা—এটিই তার কাছে গর্বের। মনোনয়ন পাওয়া নেত্রীদের জন্য শুভকামনা জানিয়ে তিনি বলেন, যোগ্যদের এগিয়ে আসাই দলের শক্তি বাড়াবে।
তার মনোনয়ন না পাওয়ায় দেশে-বিদেশে থাকা অনেক শুভাকাঙ্ক্ষী দুঃখ প্রকাশ করেছেন। তবে তিনি সবাইকে মহান আল্লাহর ফয়সালায় আস্থা রাখার এবং দলের সিদ্ধান্ত মেনে নেওয়ার আহ্বান জানান।
রাহেনা বেগম হাছনা মনে করেন, রাজনীতি কোনো তাৎক্ষণিক প্রাপ্তির বিষয় নয়; এটি দীর্ঘমেয়াদি সাধনার পথ। সেই পথেই তিনি থাকতে চান—নতুন উদ্যম, নতুন প্রত্যয়ে। দলমত নির্বিশেষে সবার ভালোবাসা ও দোয়ায় পাশে থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
মনোনয়ন না পাওয়া যেন তার পথ থামাতে পারেনি; বরং আরও নীরব, আরও দৃঢ় এক অঙ্গীকারের জন্ম দিয়েছে।
হিফজুর রহমান
মন্তব্য করুন: