হাওরে আবারও বন্যার শঙ্কা: সতর্ক থাকার নির্দেশ
Led Bottom Ad

হাওরে আবারও বন্যার শঙ্কা: সতর্ক থাকার নির্দেশ

প্রীতম দাস, সুনামগঞ্জ প্রতিনিধি

২৩/০৪/২০২৬ ২২:৫৪:১৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

​বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে আবারও বন্যার অশনি সংকেত দেখা দিয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৮ এপ্রিল থেকে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও নেত্রকোণা অঞ্চলের নিম্নাঞ্চলে আকস্মিক বন্যার (Flash Flood) প্রবল ঝুঁকি তৈরি হয়েছে।


বর্তমানে উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকার প্রধান নদী—সুরমা, কুশিয়ারা, ধনু, বাউলাই ও ভুগাই-কংস—প্রাক-মৌসুমী বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় সুরমা-কুশিয়ারা ও ধনু-বাউলাই নদের পানি সমতল বৃদ্ধি পেয়েছে। তবে আগামী কয়েক দিন নদ-নদীর অবস্থা তুলনামূলক স্থিতিশীল থাকার সম্ভাবনা থাকলেও সপ্তাহের শেষ ভাগে পরিস্থিতি জটিল আকার ধারণ করতে পারে।


আবহাওয়া অধিদপ্তর ও আন্তর্জাতিক আবহাওয়া সংস্থাগুলোর তথ্যমতে, আগামী সাত দিনে (২৩ এপ্রিল থেকে ৩০ এপ্রিল) হাওর অববাহিকা ও এর উজানে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়ে স্থানভেদে মোট ১৫০ থেকে ৩০০ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষ করে ২৮ এপ্রিল থেকে বৃষ্টিপাতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় নদ-নদীর পানি সমতল দ্রুত বেড়ে বিপৎসীমা অতিক্রম করতে পারে।


বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, ২৮ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সময়টি অত্যন্ত সংবেদনশীল। এই সময়ে নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি করতে পারে। উদ্বেগের বিষয় হলো, ৩০ এপ্রিলের পরেও আরও অন্তত তিন দিন (১ মে থেকে ৩ মে) ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস রয়েছে, যা দুর্যোগ পরিস্থিতিকে দীর্ঘায়িত করতে পারে।


এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট জেলাগুলোর প্রশাসন ও এলাকাবাসীকে এখন থেকেই সতর্ক অবস্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে নিচু এলাকায় বসবাসরত মানুষ এবং কৃষকদের হাওরের ফসল রক্ষায় ও জানমালের নিরাপত্তায় প্রয়োজনীয় আগাম প্রস্তুতি গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।


​বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিয়মিত আপডেট পেতে সরকারি ওয়েবসাইট (www.ffwc.gov.bd) অনুসরণ করার জন্য পরামর্শ দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

Flood Forecasting & Warning Centre, BWDB, Bangladesh

www.ffwc.gov.bd


ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad