সুনামগঞ্জে বৃটেন প্রবাসী সাংবাদিক আব্দুল করিম গণির ‘অন্তরঙ্গ আলাপন’ অনুষ্ঠিত
হলুদ সাংবাদিকতা এবং সোশ্যাল মিডিয়ায় যাচাই-বাছাইহীন তথ্য প্রচার বর্তমান সময়ে সাংবাদিকতা পেশার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন বিলেতের প্রভাবশালী বাংলা পত্রিকা ‘বাংলা মিরর’-এর সম্পাদক আব্দুল করিম গণি। এই অপশক্তির বিরুদ্ধে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার কোনো বিকল্প নেই বলে তিনি উল্লেখ করেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে আয়োজিত ‘অন্তরঙ্গ আলাপন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আব্দুল করিম গণি তাঁর দীর্ঘ সাংবাদিকতা জীবনের স্মৃতিচারণ করে বলেন, বর্তমান অনলাইন ও মাল্টিমিডিয়ার যুগে চ্যালেঞ্জের পাশাপাশি দায়িত্বশীলতার পরিধিও বেড়েছে। প্রযুক্তির এই যুগে টিকে থাকতে হলে বস্তুনিষ্ঠতাকে মূলমন্ত্র হিসেবে গ্রহণ করতে হবে।
অনুষ্ঠানে তিনি সুনামগঞ্জের কৃতি সন্তান ও বিলেতে কর্মরত সাংবাদিক আ স ম মাসুমের ‘রানার টিভি’-র ভূয়সী প্রশংসা করে বলেন, আ স ম মাসুম তাঁর কাজের মাধ্যমে বিলেতের মূলধারার সাংবাদিকতায় সুনামগঞ্জের মুখ উজ্জ্বল করেছেন। বস্তুনিষ্ঠ সংবাদ দ্রুত পৌঁছে দেওয়ার কারণেই রানার টিভি আজ বিলেতের বাংলা কমিউনিটিতে অত্যন্ত জনপ্রিয়। স্থানীয় সাংবাদিকদেরও তিনি প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি সংবাদ পরিবেশনায় অধিকতর সতর্কতা ও বস্তুনিষ্ঠতা বজায় রাখার আহ্বান জানান।
সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি শামস শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসীম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সভাপতি লাতিফুর রহমান রাজু, মাহবুবুর রহমান পীর, দৈনিক সিলেটের ডাকের সাব এডিটর এনামুল হক রেনু এবং ইউনিটির সহ-সভাপতি সেলিম আহমেদ তালুকদার, সাংবাদিক শহীদ নুর আহমদ,বিশ্বজিত সেন পাপন, কুদরত পাশা, আশিকুর রহমান পীর, আমিনুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠিত এই সভায় সাংবাদিকতার বিভিন্ন সংকট ও সম্ভাবনা নিয়ে খোলামেলা মতবিনিময় করা হয়।
বক্তারা বলেন, প্রবাসে থাকা সাংবাদিকরা যেভাবে পেশাগত দক্ষতা ও সততার মাধ্যমে নিজেদের অবস্থান তৈরি করেছেন, তা স্থানীয় সাংবাদিকদের জন্য বড় অনুপ্রেরণা। আব্দুল করিম গণির এই সফর সুনামগঞ্জের সাংবাদিকতায় নতুন উদ্দীপনা জোগাবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
আব্দুল করিম গনি বলেন, আমি যতবার নিজ দেশে আসি শত ব্যস্ততার মাঝেও আমার সহকর্মী সাংবাদিক দের সাথে আড্ডায় মিলিত হই। ঢাকা, সিলেট, সুনামগঞ্জ ও জগন্নাথপুরের সাংবাদিকগণও আমাকে খুব ভালবাসেন। আজীবন যেন আমাদের সেই মেলবন্ধন থাকে সেই আশাবাদ ব্যক্ত করেন।
এ রহমান
মন্তব্য করুন: