জামালগঞ্জের সাচনাবাজারে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনাবাজারে শান্ত দাস (২২) নামে এক মুদি দোকান কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে বাজারের রামকৃষ্ণ ভান্ডারের গোডাউন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শান্ত দাস উপজেলার উত্তর ইউনিয়নের রামপুর গ্রামের চন্দন দাসের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতে দোকানের অন্যান্য কর্মচারীদের অগোচরে শান্ত দাস গোডাউনের দ্বিতীয় তলায় যান। সেখানে সিলিং ফ্যানের রডের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। পরবর্তীতে দোকানের অন্য এক কর্মচারী মালামাল আনতে গোডাউনে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকারে দোকানের মালিক ও আশপাশের লোকজন এগিয়ে আসেন এবং পুলিশকে খবর দেন।
নিহত শান্ত দাসের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে ঘটনার কিছুক্ষণ আগে নিজের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছিলেন "শেষ স্মৃতি"। তার এই ফেসবুক স্ট্যাটাসটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
খবর পেয়ে জামালগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয় এবং পরবর্তীতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে জামালগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে ঠিক কী কারণে তিনি এমন পথ বেছে নিয়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
নিহত তরুণের এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার পরিবারের সদস্যরাও এমন মর্মান্তিক ঘটনায় বাকরুদ্ধ হয়ে পড়েছেন।
রকি ইসলাম
মন্তব্য করুন: