সুনামগঞ্জে দুর্যোগ মোকাবিলায় কন্ট্রোল রুম চালু
সুনামগঞ্জ জেলায় সম্ভাব্য দুর্যোগ মোকাবিলা ও আকস্মিক বন্যার ঝুঁকি নিরসনে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) রাতে জেলা প্রশাসনের অফিসিয়াল আইডি থেকে এক বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী জেলায় ভারী বৃষ্টিপাতের শঙ্কার কথা জানিয়ে বন্যা পরিস্থিতি মোকাবিলায় এই আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে।
জেলা প্রশাসন সূত্র জানায়, আকস্মিক বন্যায় হাওরের কৃষকদের কষ্টের ধান ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি হওয়ায় জেলা প্রশাসন দ্রুত এই পদক্ষেপ নিয়েছে। এখন থেকে যে কোনো জরুরি প্রয়োজনে কন্ট্রোল রুমের **০২৯৯৮৮৪২০৯৬** এবং **০১৭৩০৩৩১০৯১** নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। সুনামগঞ্জের জেলা প্রশাসক মিনহাজুর রহমান বলেন, “যে কোনো দুর্যোগ মোকাবিলায় জেলা প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য শনিবার রাতেই কন্ট্রোল রুমটি কার্যকর করা হয়েছে।”
সুনামগঞ্জ জেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে জেলায় ২ লাখ ২৩ হাজার ৫১১ হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়েও বেশি। জেলায় প্রায় ১৪ লাখ টন ধান উৎপাদনের সম্ভাবনা রয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ হাজার কোটি টাকা। এই বিশাল পরিমাণ ফসল অকাল বন্যার হাত থেকে রক্ষাই এখন প্রশাসনের মূল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: