বিশ্বম্ভরপুরে ৪৬ বোতল ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে চোরাইপথে আনা ৪৬ বোতল ভারতীয় মদসহ মো. সবুজ মিয়া (৫১) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। গত রবিবার (২৬ এপ্রিল) রাতে উপজেলার ধনপুর ইউনিয়নের লক্ষ্মীরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
গ্রেপ্তার সবুজ মিয়া বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের চিনাকান্দি গ্রামের মৃত কালা মিয়ার ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, লক্ষ্মীরপাড় এলাকায় কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩ সুনামগঞ্জের একটি আভিযানিক দল সেখানে হানা দেয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে সবুজ মিয়া দৌড়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাঁকে আটক করা হয়। পরে তাঁর হেফাজতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে ৪৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা এসব মদ বিক্রির উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন বলে স্বীকার করেছেন।
র্যাব-৯ সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (সংবাদ মাধ্যম) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাবের গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত সবুজের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে সোমবার (২৭ এপ্রিল) দুপুরে তাঁকে বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: