সিলেটের দুটি সীমান্তে একদিনে ৩২ জনকে পুশ ইন করেছে বিএসএফ
সিলেটের দুটি সীমান্ত এলাকা দিয়ে একদিনে আরও ৩২ জনকে পুশ ইন করেছে বিএসএফ। সংবাদ পেয়ে ৩২ জনকেই আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার হবিগঞ্জের চুনারুঘাট ও মৌলভীবাজারে জুড়ি সীমান্ত দিয়ে পুশ ইনের পর তাদের আটক করা হয়। এর মধ্যে চুনারুঘাট সীমান্তের রেমা-কালেঙ্গা জঙ্গল এলাকা দিয়ে ২২ জন এবং জুড়ি উপজেলার ফুলতলা ইউনিয়নের রাজকী সীমান্ত থেকে আটক হয় ১০ জন।
চুনারুঘাট সীমান্ত
শুক্রবার (৩০ মে) হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তের রেমা-কালেঙ্গা জঙ্গল এলাকা দিয়ে ২২ জনকে পুশ ইন করেছে ভারতীয় বিএসএফ। তথ্যটি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হবিগঞ্জ ৫৫ ব্যাটেলিয়ানের সহকারী পরিচালক হাবিবুর রহমান।
এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য খলিলুর রহমান জানান, আমরা ভোরে খবর পাই বিএসএফ ২২ জনকে পুশ ইন করেছে। সাথে সাথে বিজিবিকে খবর দেই। খবর পেয়ে বিজিবি সদস্যরা গঠনস্থলে গিয়ে তাদেরকে একটি উপজাতি সম্প্রদায়ের বাড়িতে রাখেন। বৈরী আবহাওয়ার কারণে তাদের পোশাক ভিজে গিয়েছিল এবং দুজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিন মিয়া বলেন, ২২ জনকে পুশইনের বিষয়টি আমি শুনেছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি।
জুড়ী সীমান্ত
মৌলভীবাজারের জুড়ী সীমান্তে ভারত থেকে অনুপ্রবেশকারী ১০ জনকে আটক করেছে বিজিবি। শুক্রবার (৩০ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ফুলতলা ইউনিয়নের রাজকী সীমান্ত থেকে এদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৬ জন পুরুষ, ২ জন মহিলা ও ৪ জন শিশু রয়েছেন।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাজকী ক্যাম্পের নায়েব সুবেদার হাশেম জানান, ঘটনার সময় রাজকী ক্যাম্পের আওতাধীন চুঙ্গাবাড়ি সীমান্তের ১৮৩৬-৩৭ মেইন পিলারের মধ্যবর্তী স্থানে উল্লেখিতদের দেখতে পেয়ে বিজিবির টহল দলের সন্দেহ হলে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ভারত থেকে অনুপ্রবেশের কথা স্বীকার করলেও ধারণা করা হচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এদের পুশ করেছে।
আটককৃতরা তাদের বাড়ি বাংলাদেশের কুড়িগ্রাম বলে জানায়। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে জুড়ী থানায় সোপর্দ করার বিষয়টি প্রক্রিয়াধীন।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: