চাঁদাবাজি বন্ধের দাবিতে এমপির গাড়ি আটকে শ্রমিকদের বিক্ষোভ
কুমিল্লা জেলার শাসনগাছা-বুড়িচং-ব্রাহ্মণপাড়া সড়কে বেপরোয়া চাঁদাবাজি বন্ধের দাবিতে স্থানীয় সংসদ সদস্য হাজী জসীমউদ্দীনের গাড়ি আটকে বিক্ষোভ ও ধর্মঘট পালন করেছেন পরিবহন শ্রমিকরা। শুক্রবার (১ মে) সকালে বুড়িচং উপজেলার ভরাসার বাজার এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভের জেরে প্রায় দুই ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শাসনগাছা বাস টার্মিনাল এলাকায় প্রতিদিন তিন দফায় চালকদের কাছ থেকে ১০০ থেকে ১২০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হলেও রসিদ দেওয়া হয় মাত্র ১৫ টাকার। দীর্ঘদিন ধরে চলে আসা এই অনিয়মের প্রতিবাদে শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সংসদ সদস্য হাজী জসীমউদ্দীন ঘটনাস্থলে উপস্থিত হন এবং শ্রমিকদের শান্ত করার চেষ্টা করেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা প্রায় দুই ঘণ্টা তাঁর গাড়ি আটকে রাখেন।
ঘটনা চলাকালীন এমপি জসীমউদ্দীন তাৎক্ষণিকভাবে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে ফোনে বিষয়টি অবহিত করেন। মন্ত্রী এই অভিযোগ তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এবং চালকদের ভোগান্তি দূর করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এমপি জসীমউদ্দীন এ সময় দৃঢ়ভাবে ঘোষণা করেন যে, সড়কে কোনো ধরনের চাঁদাবাজি বরদাশত করা হবে না।
বুড়িচং উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক কাশেম মিয়াজী জানান, ইজারাদারের পক্ষ থেকে নির্ধারিত টাকার বেশি চাঁদা (জিবি) আদায় না করার আশ্বাস পাওয়ার পর শ্রমিকরা বিক্ষোভ প্রত্যাহার করে নেন। এদিকে, সাধারণ যাত্রীদের অভিযোগ যে সড়কে চাঁদাবাজির পাশাপাশি সন্ধ্যার পর চালকরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করেন। তাঁরা এই ভাড়া নৈরাজ্য বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।
এ রহমান
মন্তব্য করুন: