সুনামগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর ভার্চুয়াল উদ্বোধন
তৃণমূল থেকে জাতীয় পর্যায়ের জন্য দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে শনিবার (২ মে) দেশব্যাপী আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং ক্রীড়া পরিদপ্তরের মাধ্যমে বাস্তবায়িত এই মেগা কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সিলেট জেলা স্টেডিয়ামে আয়োজিত মূল অনুষ্ঠানের সাথে সুনামগঞ্জ জেলা স্টেডিয়াম থেকে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ ভার্চুয়ালি যুক্ত হয়ে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হন।
সুনামগঞ্জ স্টেডিয়ামে আয়োজিত এই ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক ও সুনামগঞ্জ পৌরসভার প্রশাসক অসীম চন্দ্র বণিক, পুলিশ সুপার এ.বি.এম. জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কুমার পাল এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান। এছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক আয়শা আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেরিন সুলতানা এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আকবর আলী, নাসির উদ্দিন লালা, জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) এর জেলা প্রতিনিধি মুহাম্মদ আমিনুল হক, জেলা মহিলা দলের সভাপতি লুৎফা আনোয়ার, সিনিয়র সহ-সভাপতি সুরাইয়া বেগম, সাধারণ সম্পাদক শাহানা আলম, সদর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা ছাত্রদল নেতা সাদিকুর রহমান চৌধুরী, ইয়াহইয়া হাসান প্রমুখসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এ ক্রিকেট, ফুটবল, কাবাডি, অ্যাথলেটিকস, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্ট—এই ৮টি ইভেন্ট অন্তর্ভুক্ত করা হয়েছে। রেজিস্ট্রেশনের সময় সীমিত থাকা সত্ত্বেও সারাদেশে ১ লাখ ৬০ হাজার ৭৭৯ জন কিশোর-কিশোরী এতে নাম লিখিয়েছে, যার মধ্যে সিলেট জেলা থেকে সর্বোচ্চ ১৫ হাজার ৩২৪ জন আবেদনকারী রয়েছে। আজ উপজেলা পর্যায়ের দল গঠন শেষ হওয়ার পর খেলা শুরু হবে এবং আগামী ১৩-২২ মে পর্যন্ত বিভাগীয় পর্যায়ের লড়াই চলবে। খেলোয়াড়দের উৎসাহিত করতে জার্সি, সনদপত্রের পাশাপাশি নির্ধারিত হারে ভাতার ব্যবস্থাও করা হয়েছে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রতিভাদের জন্য বিকেএসপিতে ভর্তি ও দীর্ঘমেয়াদী আবাসিক প্রশিক্ষণের সুযোগ থাকবে, যা দেশের ক্রীড়াঙ্গনে নতুন মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
লতিফুর রহমান রাজু
মন্তব্য করুন: