বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে লরিচাপায় শিশু নিহত
কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার পৌর এলাকার নিউমার্কেট সংলগ্ন আজগর আলী স্কুলের সামনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। রোববার (৩ মে) সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটি আজগর আলী স্কুল সংলগ্ন একটি মাদ্রাসার ছাত্র ছিল বলে জানা গেলেও তাৎক্ষণিকভাবে তার পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে করে বাবা ও ছেলে গন্তব্যে যাওয়ার সময় মহাসড়কের ওই অংশে একটি যাত্রীবাহী বাসকে ওভারটেক করার চেষ্টা করেন। এসময় সামনে থেকে একটি লরি আসতে দেখে মোটরসাইকেলের চালক (বাবা) হঠাৎ ব্রেক করলে শিশুটি মহাসড়কে ছিটকে পড়ে যায়। পরে বাবা তাকে টেনে তোলার আগেই ঘাতক লরিটি শিশুটিকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী রাব্বি নামে এক চালক জানান, রয়েল সুপার এসি বাসকে ওভারটেক করার সময় লরি দেখে ব্রেক করায় শিশুটি নিচে পড়ে যায় এবং লরিচাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। এই মর্মান্তিক দৃশ্য দেখে উপস্থিত জনতা ও নিহতের বাবার আহাজারিতে ওই এলাকার বাতাস ভারী হয়ে ওঠে। স্থানীয় বাসিন্দা আলমগীর অভিযোগ করেন, সড়কের ওই অংশে খানাখন্দ থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে, যা সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে না। দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর বাবা তাঁর সন্তানের মরদেহ নিয়ে বাড়ি চলে যাওয়ায় শিশুর পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। এই ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: