শাল্লায় ধান সংগ্রহ শুরু: ন্যায্য মূল্য প্রাপ্তি নিশ্চিতের অঙ্গীকার
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় উৎসবমুখর পরিবেশে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার (৩ মে) সকালে উপজেলার ঘুঙ্গিয়ারগাঁও খাদ্য গুদাম প্রাঙ্গণে ফিতা কেটে এই সংগ্রহ অভিযানের শুভ সূচনা করা হয়।
ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন শাল্লা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পিয়াস চন্দ্র দাস। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের মাধ্যমে বাজার মনিটরিং এবং প্রকৃত কৃষকের স্বার্থ রক্ষার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), এল.এস.ডি, কৃষক প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, সরকার নির্ধারিত মূল্যে ধান সংগ্রহের মূল লক্ষ্য হলো প্রান্তিক কৃষকদের ন্যায্য পাওনা নিশ্চিত করা। গুদামে ধান দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা মধ্যস্বত্বভোগীদের হস্তক্ষেপ সহ্য করা হবে না। প্রকৃত কৃষকরা যাতে হয়রানি ছাড়া ধান সরবরাহ করতে পারেন, সেদিকে তীক্ষ্ণ নজর রাখা হচ্ছে।"
উপস্থিত কৃষক প্রতিনিধিদের মতে, মৌসুমের শুরুতেই সরকারিভাবে ধান সংগ্রহ শুরু হওয়ায় স্থানীয় বাজারে ধানের দাম স্থিতিশীল থাকবে। এতে কৃষকরা সরাসরি সরকারি গুদামে ধান বিক্রি করে লাভবান হতে পারবেন।
উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী তালিকাভুক্ত কৃষকদের কাছ থেকে পর্যায়ক্রমে ধান সংগ্রহ করা হবে। ডিজিটাল লটারি বা কার্ডের মাধ্যমে স্বচ্ছতা বজায় রেখে এই প্রক্রিয়া চলবে বলে দপ্তরের কর্মকর্তারা আশ্বস্ত করেছেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা গুদামের ধান সংরক্ষণের মান ও আনুষঙ্গিক প্রস্তুতি পরিদর্শন করেন এবং অভিযানের সার্বিক সফলতা কামনা করেন।
প্রীতম দাস
মন্তব্য করুন: