হাওরের ক্ষয়ক্ষতি পরিদর্শন
কাল সুনামগঞ্জ আসছেন দুই মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা
অতিবৃষ্টি ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের হাওরাঞ্চলের বিস্তীর্ণ এলাকার ফসল তলিয়ে যাওয়ার প্রেক্ষাপটে পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কাল মঙ্গলবার (৫ মে) সুনামগঞ্জ আসছেন সরকারের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল। এই দলে থাকছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার।
সোমবার (৪ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের অধিবেশন শেষে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
মন্ত্রী জানান, সুনামগঞ্জসহ ক্ষতিগ্রস্ত ছয়টি জেলায় প্রায় এক লাখ পরিবারকে চিহ্নিত করা হয়েছে। ক্ষতিগ্রস্ত এই পরিবারগুলোকে আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে আর্থিক ও খাদ্য সহায়তা প্রদান করা হবে। তিনি আরও বলেন, “হাওরাঞ্চলের কোনো কোনো জেলায় ৪০ থেকে ৬০ শতাংশ ফসল ইতিমধ্যে পানির নিচে তলিয়ে গেছে। আমরা দুর্যোগকালীন এই সময়ে কৃষকদের পাশে দাঁড়াতে এই সফরের সিদ্ধান্ত নিয়েছি।”
হাওরাঞ্চলে ধান কাটার শ্রমিক সংকট এবং বজ্রপাতে প্রাণহানি রোধে সরকারের নতুন পরিকল্পনার কথা জানিয়ে মন্ত্রী বলেন, আগামী বছর থেকে হাওর ও উত্তরাঞ্চলে কৃষকদের জন্য বিশেষ আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে। এসব কেন্দ্রে বজ্রপাত নিরোধক টাওয়ার এবং সাইরেন ব্যবস্থা থাকবে, যাতে দুর্যোগের পূর্বাভাস পেয়ে কৃষকরা দ্রুত নিরাপদ আশ্রয় নিতে পারেন।
সুনামগঞ্জের জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে প্রতিনিধি দলটি সুনামগঞ্জে পৌঁছে বিভিন্ন হাওরের ক্ষয়ক্ষতি পরিদর্শন করবেন এবং স্থানীয় ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কথা বলবেন। পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় প্রশাসন ও কৃষি কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হবেন তারা। আকস্মিক এই বন্যায় সর্বস্বান্ত হওয়া হাওরপাড়ের কৃষকরা এখন সরকারের এই উচ্চপর্যায়ের সফরের দিকে তাকিয়ে আছেন, যাতে দ্রুত পুনর্বাসন ও কার্যকর সহায়তা নিশ্চিত হয়।
এ রহমান
মন্তব্য করুন: