সুনামগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন
লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ”এই প্রত্যয় নিয়ে সুনামগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি-এর উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন শুরু হয়েছে। আধুনিক ও ডিজিটাল ব্যাংকিং সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং নগদ টাকার ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেনে উৎসাহিত করতে এই বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে) সকাল ১১টায় সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্ট সংলগ্ন পূবালী ব্যাংক শাখা প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় প্রিয়াঙ্গন মার্কেটে গিয়ে শেষ হয়। র্যালি পরবর্তী এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে তিন দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পূবালী ব্যাংকের সিলেট পশ্চিম অঞ্চলের প্রধান ও মহাব্যবস্থাপক মো. রুহুল আমিন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ ও ব্যাংকিং খাতের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক আমিনুল ইসলাম সেলিম ও নুরে আলম, সভাপতি শামসুল হক, সহ-সভাপতি এনামুল হক, পূবালী ব্যাংক সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক জয়নাল আহমেদ
এছাড়াও উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্সের সদস্য সেলিম হায়দার ও রেজাউল করিমসহ শহরের বিশিষ্ট ব্যবসায়ী এবং বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মো. রুহুল আমিন বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ক্যাশলেস লেনদেন বা নগদবিহীন ব্যাংকিংয়ের কোনো বিকল্প নেই। কিউআর কোড, কার্ড বা অনলাইন অ্যাপের মাধ্যমে লেনদেন করলে একদিকে যেমন সময় সাশ্রয় হয়, অন্যদিকে তা অনেক বেশি নিরাপদ ও স্বচ্ছ।
সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি শামসুল হক বলেন, ব্যবসায়ীদের জন্য ক্যাশলেস লেনদেন এক নতুন দিগন্ত। এতে বড় অঙ্কের নগদ টাকা বহনের ঝুঁকি কমে এবং ব্যবসায়িক হিসাব রাখা সহজ হয়।
ক্যাম্পেইন চলাকালীন পূবালী ব্যাংকের পক্ষ থেকে সাধারণ গ্রাহক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্যাশলেস ব্যাংকিং অ্যাপ ব্যবহার, কিউআর কোড জেনারেট করা এবং ডিজিটাল পেমেন্টের বিভিন্ন সুবিধা সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া হচ্ছে। তিন দিনের এই ক্যাম্পেইনটি প্রিয়াঙ্গন মার্কেটসহ শহরের বিভিন্ন পয়েন্টে চলবে।
আয়োজকরা আশা করছেন, এই উদ্যোগের ফলে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ডিজিটাল পেমেন্ট গ্রহণের প্রবণতা বাড়বে এবং সাধারণ গ্রাহকরা নগদ টাকার ওপর নির্ভরতা কমিয়ে স্মার্ট লেনদেনে অভ্যস্ত হয়ে উঠবেন।
প্রীতম দাস
মন্তব্য করুন: