সুনামগঞ্জে পিডিবিএফ-এর নারী নেত্রীদের প্রশিক্ষণ সম্পন্ন
সুনামগঞ্জ সদর উপজেলায় পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) এর ‘কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় নারী নেত্রীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১১টায় উপজেলা যুব উন্নয়ন অফিসের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তৃণমূল পর্যায়ের নারীদের দক্ষ করে তোলার লক্ষ্যে আয়োজিত এই প্রশিক্ষণে সমিতির সভানেত্রী ও দলনেত্রীরা অংশগ্রহণ করেন। তিন দিনব্যাপী এই নিবিড় কর্মশালায় তৃণমূল পর্যায়ে নেতৃত্ব প্রদান, দারিদ্র্য বিমোচনের লাগসই কৌশল এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা জেরিন। তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে একটি সমৃদ্ধ সমাজ গঠনে নারীর ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, আপনাদের প্রধান লক্ষ্য হতে হবে সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করা। তারা যেন মানুষের মতো মানুষ হয়ে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে ওঠে, সেদিকে কঠোর নজর দিতে হবে। এছাড়া আমাদের সমাজ থেকে বাল্যবিবাহের অভিশাপ দূর করতে আপনাদের প্রতিটি নেত্রীকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে।
সদর উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র মাঠকর্মী আ. হান্নান ও চয়ন সরকার। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান তৃণমূল পর্যায়ে দারিদ্র্য বিমোচন ও নারীর ক্ষমতায়নকে আরও ত্বরান্বিত করবে।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বনজ ও ফলদ গাছের চারা বিতরণ করা হয়। একই সাথে প্রশিক্ষণার্থীদের নির্ধারিত সরকারি ভাতা প্রদান করে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, পিডিবিএফ-এর এই উদ্যোগ সুনামগঞ্জের গ্রামীণ নারীদের নেতৃত্বগুণ বিকাশের পাশাপাশি সামাজিক কুসংস্কার প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে।
প্রীতম দাস
মন্তব্য করুন: