আতঙ্কে যাত্রী ও পথচারী
ছাতকের গোবিন্দগঞ্জ পয়েন্টের রোড ডিভাইডার এখন মরণফাঁদ
ছাতকের গোবিন্দগঞ্জ পয়েন্টে সিলেট-সুনামগঞ্জ সড়কে স্থাপিত রোড ডিভাইডার বা ট্রাফিক আইল্যান্ড এখন সাধারণ মানুষের জন্য এক আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে। যানবাহনের শৃঙ্খলা রক্ষায় এটি নির্মিত হলেও বর্তমানে এটি দুর্ঘটনার প্রধান কারণ হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। সর্বশেষ গত রাতে একটি বিআরটিসি বাস এই ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনার শিকার হওয়ার পর জনমনে নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, এই ট্রাফিক আইল্যান্ডে কোনো রিফ্লেক্টর লাইট, ব্লিংকার কিংবা পর্যাপ্ত সতর্কতামূলক সাইনবোর্ড নেই। ফলে রাতের অন্ধকারে দূর থেকে চালকরা আইল্যান্ডটির অবস্থান বুঝতে পারেন না এবং নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন। সিলেট-সুনামগঞ্জের মতো গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়কের এমন ঝুঁকিপূর্ণ অবস্থা বড় ধরনের প্রাণহানির শঙ্কা বাড়িয়ে তুলছে। এর আগেও এখানে একাধিক দুর্ঘটনায় অনেকে আহত হয়েছেন এবং যানবাহনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এলাকাবাসী অবিলম্বে গোবিন্দগঞ্জ পয়েন্টের এই মরণফাঁদ থেকে মুক্তি পেতে সড়ক ও জনপথ বিভাগ এবং প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাঁরা দ্রুত উচ্চক্ষমতাসম্পন্ন সৌরবাতি স্থাপন, দৃশ্যমান সাইনবোর্ড বসানো এবং রাতের বেলা আলোকসজ্জার মাধ্যমে আইল্যান্ডটিকে শনাক্ত করার ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। জনস্বার্থে দ্রুত পদক্ষেপ না নিলে আগামীতে আরও বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
এ রহমান
মন্তব্য করুন: