সুনামগঞ্জ সফর করলেন সিলেট রেঞ্জের নবাগত ডিআইজি ড. মো. জিল্লুর রহমান
সিলেট রেঞ্জের নবাগত উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) ড. মো. জিল্লুর রহমান আজ সোমবার সুনামগঞ্জ জেলা সফর করেছেন। সকাল ১০টায় তিনি সুনামগঞ্জ জেলা পুলিশ লাইন্সে পৌঁছালে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলার পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন। পরে জেলা পুলিশের একটি চৌকস দল ডিআইজিকে গার্ড অব অনার প্রদান করে।
সফরকালে সকাল সাড়ে ১০টায় জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে একটি কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার এ বি এম জাকির হোসেনের সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুজন সরকারের সঞ্চালনায় সভায় উপস্থিত পুলিশ সদস্যরা তাঁদের বিভিন্ন সমস্যা, প্রয়োজনীয়তা ও সুপারিশ তুলে ধরেন। ডিআইজি মনোযোগ সহকারে তাঁদের বক্তব্য শোনেন এবং সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশনা দেন। সভা শেষে তিনি জেলার চৌকস কর্মকর্তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
কল্যাণ সভায় অন্যান্যের মধ্যে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) ইলতুৎমিশ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাকিবুল হাসান রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা, সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) মো. রফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) শেখ মুরসালিন, সহকারী পুলিশ সুপার (তাহিরপুর সার্কেল) প্রণয় রায়সহ বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা উপস্থিত ছিলেন। সভা শেষে পুলিশ লাইন্স প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন ডিআইজি ড. মো. জিল্লুর রহমান।
পরে বেলা সাড়ে ১২টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে ডিআইজির উপস্থিতিতে একটি অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি ও অপরাধ দমনে গৃহীত পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠান শেষে জেলা পুলিশের পক্ষ থেকে নবাগত ডিআইজিকে সম্মাননা স্মারক প্রদান করেন পুলিশ সুপার।
এল আর রাজু/ ডি আর ডি
মন্তব্য করুন: