শাল্লায় দু’পক্ষের সেই সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২

ফলো আপ

শাল্লায় দু’পক্ষের সেই সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

২৮/০৫/২০২৬ ২২:৫৯:২০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের ইছাকপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দুইজনে দাঁড়িয়েছে।


​গত মঙ্গলবার দুপুরে ঘটা এই সংঘর্ষের ঘটনায় প্রথম দফায় পায়েল মিয়া নামে একজন ঘটনাস্থলেই নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় তাহেরা বেগম (৩২) নামের এক নারীকে সিলেট এম. এ. জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। তাহেরা বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শাল্লা থানার এসআই শওকত আলী।


​স্থানীয় সূত্রে জানা যায়, ইছাকপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় সাইদুর রহমান এবং সাবেক ইউপি সদস্য শফি মিয়া (শফিউল মেম্বার) গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত মঙ্গলবার দুপুরে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। তাদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে বলে প্রতিপক্ষকে দায়ী করেছেন সাইদুর রহমান। এদিকে শফি মিয়ার পক্ষের আওয়াল নুর এই হামলার অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, এটি তাদের ফাঁসানোর জন্য একটি 'সাজানো ঘটনা'।


​এই সংঘর্ষের ঘটনায় আলকাস মিয়া (৫০) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।


​শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং নতুন করে সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


​এদিকে বারবার এমন সংঘর্ষের ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ গ্রামবাসীরা। এলাকায় স্থায়ী শান্তি বজায় রাখতে প্রশাসন ও স্থানীয় সচেতন মহলের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন ইছাকপুরের বাসিন্দারা।

তাহির আহমদ/ প্রীতম দাস

মন্তব্য করুন: