ভেন্যু পরিবর্তন
মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে হবে প্রধানমন্ত্রীর জনসভা
আগামী ১৭ই জুন মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর বহুল প্রতীক্ষিত জনসভার ভেন্যু চূড়ান্ত করা হয়েছে। অনিবার্য কারণবশত পূর্বনির্ধারিত রাজনগর উপজেলার অনুষ্ঠানটি বাতিল করে এখন জেলা সদরের ঐতিহ্যবাহী মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে (গভমেন্ট স্কুল মাঠ) এই মহাসমাবেশ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ গণমাধ্যমকে ভেন্যু পরিবর্তনের এই বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। সরকার গঠনের পর মৌলভীবাজার জেলায় এটিই প্রধানমন্ত্রীর প্রথম সফর। এই ঐতিহাসিক জনসভা থেকে প্রধানমন্ত্রী দেশের প্রান্তিক কৃষকদের ভাগ্যবদলে সরকারের অন্যতম মেগা উদ্যোগ ‘কৃষি কার্ড’ বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর হাত থেকে সরাসরি এই কৃষি কার্ড নিতে জেলার হাজার হাজার কৃষক ও সাধারণ মানুষের মাঝে এখন ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
এদিকে ভেন্যু চূড়ান্ত হওয়ার পরপরই আজ শনিবার (১৩ জুন) দুপুরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে আসেন স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
মাঠ পরিদর্শন শেষে জেলা বিএনপির আহ্বায়ক মোঃ ফয়জুল করিম ময়ূন সাংবাদিকদের বলেন, প্রশাসনিক ও কৌশলগত কারণে রাজনগরের ভেন্যুটি বাতিল করে জেলা সদরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভেন্যু পরিবর্তন হলেও মানুষের মাঝে উদ্দীপনা আরও দ্বিগুণ হয়েছে। বিশেষ করে প্রধানমন্ত্রীর হাত থেকে কৃষকদের ‘কৃষি কার্ড’ প্রাপ্তির ঘোষণা আসায় পুরো জেলাজুড়ে আনন্দের বন্যা বইছে। ১৭ই জুনের জনসভা মৌলভীবাজারের ইতিহাসে সর্ববৃহৎ গণসমাবেশে রূপ নেবে।
জানা গেছে, জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখার পাশাপাশি প্রধানমন্ত্রী মৌলভীবাজারের সার্বিক অবকাঠামোগত উন্নয়ন, চা-শ্রমিকদের কল্যাণ এবং কৃষি খাতের আধুনিকায়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ মেগা প্রকল্পের ঘোষণা দিতে পারেন।
আকস্মিক ভেন্যু পরিবর্তনের পর মৌলভীবাজার পৌরসভা এলাকায় এখন তোড়জোড় তুঙ্গে। জনসভাকে সফল করতে জেলা প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) সাথে সমন্বয় করে মাঠের ভেতর ও বাইরে কঠোর নিচ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলার কাজ শুরু হয়েছে। প্রধানমন্ত্রীকে বরণ করতে তোরণ, ব্যানার ও ফেস্টুনে সেজে উঠছে পুরো মৌলভীবাজার শহর।
ডি আর ডি
মন্তব্য করুন: